নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নির্দেশে নগরীতে মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত ও ধারাবাহিক মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) নগরীর অমৃত বাবু রোড, গোলপুকুর পাড়, মৃত্যুঞ্জয় স্কুল ও মৃত্যুঞ্জয় স্কুল রোডসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ফগিং কার্যক্রম চালান এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়া ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে হোমিওপ্যাথিক কলেজ পর্যন্ত এলাকা, আমলাপাড়া, ভাঙ্গারীপট্টি, সি কে ঘোষ রোড, ডিবি রোড এবং জেল সুপারের বাসভবনের সামনে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।
অভিযান চলাকালে বাড়িঘর, ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমা ও আশপাশের জলাবদ্ধ এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে চলমান থাকবে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মকর্তারা আরও জানান, মশক নিধনের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমও সমান গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে, যাতে একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিত করা যায়।








