ময়মনসিংহের মুক্তাগাছায় ঐতিহাসিক জমিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে মজনু মিয়া (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির ‘জলটঙ্গি পুকুরে’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া পৌর শহরের পাড়াটুঙ্গি এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আটানী বাজারে মাছের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় তিনি পুকুরে গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরঘাটে তার ব্যবহৃত কাপড় ও মোবাইল পড়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর রাত ১০টার দিকে পুকুরের গভীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান বলেন, গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।