নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে মোট ৭৮ শিশু
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে বুধবার পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৯৮ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২১৩ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ৭ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ২৪ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা চলছে। বুধবার সকাল পর্যন্ত পরীক্ষায় ৭০ শিশুর হাম শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, ২৪ ঘণ্টায় নতুন ২২ শিশু ভর্তি হয়েছে এবং এ সময়ে কোনো মৃত্যু হয়নি।








