মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সুখী দেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা চাই

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সুখী, সমৃদ্ধ ও বেটার বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য তিনি সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান। খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে রোববার সচিবালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি সহযোগিতা কামনা করেন। এদিন মার্কিন রাষ্ট্রদূত ও একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, ইস্টার সানডে উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর সভাপতি ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের ১৩ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী তাদের শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন। খ্রিষ্টান সম্প্রদায়ের সাফল্যও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব ধর্মের মানুষকে একই চোখে দেখি এবং সবাইকে একরকমভাবে ভালোবাসি। আমরা বিশ্বাস করি-ধর্ম যার যার, দেশটা সবার। আসুন দেশটাকে গড়তে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করি। তিনি বলেন, সুখী, সমৃদ্ধ ও বেটার বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাইকে একযোগে কাজ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সব ধর্মের মানুষ ভোট দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি কথা প্রচলিত ছিল-অন্য ধর্মের মানুষজন বিএনপিকে ভোট দেয় না। কিন্তু এটা এবারের নির্বাচনে ভুল প্রমাণিত হয়েছে। বিগত সরকারের আমলে দেশের অবস্থার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশের অবস্থা ভঙ্গুর ছিল। অর্থনৈতিক ও যোগাযোগ খাতে ভঙ্গুর অবস্থাসহ বিভিন্ন খাতে যে অবস্থা বিরাজ করছিল- তাতে মনে হয়েছে-আমরা একটি যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি।

এর আগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ্রিস্টোফার অধিকারী। ইমাম-মুয়াজ্জিন-খাদেম, পুরোহিত-সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং যাজকদের বিশেষ সম্মানি ভাতা দেওয়ায় তারা সরকারের প্রশংসা করেন। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এক খ্রিষ্টান ধর্মাবলম্বী নারীকে প্রতিনিধি করার এবং ইস্টার সানডের দিন সরকারি ছুটি ঘোষণার দাবি করেন তারা। সরকারকে সহযোগিতা এবং সহযাত্রী হিসাবে কাজ করার অঙ্গীকার করেন তারা। প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের জন্য সাত হাজার চার্চে প্রার্থনা করা হয়েছে। বর্তমান সরকারের কল্যাণ কামনায়ও প্রতিদিন প্রার্থনা করা হয়। ইস্টার সানডে উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

এদিকে রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর হাতে মার্কিন রাষ্ট্রদূত দুটি ছবি এবং হোয়াইট হাউজের একটি রেপ্লিকা তুলে দেন। দুটি ছবির একটি ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে নিয়ে। অন্যটি ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রকে নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সংসদে আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী : আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় সংসদের গ্যালারিতে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই তাদের কাছে যান। তাদের খোঁজখবর নেন। কুশল বিনিময়ের পাশাপাশি মন দিয়ে শোনেন জুলাইয়ে তাদের ওপর ঘটে যাওয়া ঘটনা। কারও কাঁধে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন তাদের। রোববার সংসদ অধিবেশনের বিরতিকালে তিনি এই কুশল বিনিময় করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, রোববার অধিবেশন দেখতে আসেন আহত ৫৩ জন জুলাই যোদ্ধা। বিরতির আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে এমপিদের উদ্দেশে বলেন, আমাদের সংসদ অধিবেশনে উপস্থিত হয়েছেন আহত জুলাই যোদ্ধারা। আমরা জানি, জুলাইয়ে তাদের কী ভূমিকা ছিল। তাদের এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই। এ সময় সরকারি ও বিরোধীদলীয় এমপিরা টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বামপাশে থাকা ভিআইপি গ্যালারিতে উপস্থিত জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে হাত নাড়তে থাকেন। এর কিছুক্ষণ পরেই নিরাপত্তারক্ষীরা তাদের গ্যালারিতে এসে জানান, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করতে আসবেন। এতে উচ্ছ্বসিত হতে দেখা যায় তাদের।

 

ঘোষণার ৫ মিনিট পরই প্রধানমন্ত্রী তাদের গ্যালারিতে আসেন। এরপর একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। কয়েকজন জুলাইয়ে তাদের অবদানের কথা শোনান প্রধানমন্ত্রীকে। কয়েকজন নারী জুলাই যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে তাদের দুর্দশার কথা বর্ণনা করেন। এসময় গ্যালারিজুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এ সময় গ্যালারিতে আইনমন্ত্রীসহ কয়েকজন হুইপ উপস্থিত ছিলেন।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com