ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজিতে বেড়েছে ৩৮৭ টাকা। চলতি এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৭২৮ টাকা। গত মাসে দাম ছিল এক হাজার ৩৪১ টাকা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হয়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করেন। বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি এক হাজার ৮০১ টাকা, ১৫ কেজি দুই হাজার ১৬১ টাকা, ১৬ কেজি দুই হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি দুই হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি দুই হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২২ কেজি সিলিন্ডার তিন হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি তিন হাজার ৬০১ টাকা, ৩০ কেজি চার হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি চার হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি পাঁচ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৪২৮ টাকা।
পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। দাম বাড়িয়ে অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৯.৭৭ টাকায়। উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।
প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।