মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ওয়াকআউট বিরোধী দলের রাজপথে নামার হুঁশিয়ারি

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের দাবিতে সংসদে উত্থাপিত মুলতুবি প্রস্তাবের কোনো সুনির্দিষ্ট ‘প্রতিকার’ বা সিদ্ধান্ত না পাওয়ায় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার বিকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটির সংসদ-সদস্যরা অধিবেশন বয়কট করে বেরিয়ে যান। সরকারি দল তাদের প্রস্তাব চাপা দিতে পালটা প্রস্তাব আনছে-এমন অভিযোগ তুলে পরে সংবাদ সম্মেলনে শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, সংসদে গণভোটের রায় কার্যকর করতে না পারায় এবার রাজপথে নেমে দাবি আদায় করা হবে। অন্যদিকে সরকার ও স্পিকারের তরফ থেকে জানানো হয়েছে, আইন প্রণয়নের বিষয় কেবল মুলতুবি প্রস্তাবে নিষ্পত্তির সুযোগ নেই; বরং আলোচনার স্বার্থেই বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়েছিল।

জাতীয় সংসদে মঙ্গলবার সংবিধান সংস্কারে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে একটি মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানে সরকারি দল সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। তবে এতে একমত হয়নি বিরোধী দল। তারা বলেছিল, সংবিধান সংস্কার পরিষদকে কেন্দ্র করে কোনো কমিটি হলে বিরোধী দল সেটা ভেবে দেখবে। বুধবার সংসদে আলোচনায় আবারও বিষয়টি উঠে আসে।

প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে দাঁড়ান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আগেরদিন সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে মুলতুবি প্রস্তাবের কথা তুলে ধরে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, যেহেতু এটা জন আকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় ৭০ ভাগ মানুষের রায়ের বিষয়, তাই আমরা প্রত্যাশা করেছি স্পিকারের মাধ্যমে প্রতিকার পাব। স্পিকারকে সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানিয়েছি। কিন্তু কোনো সিদ্ধান্ত হলো কি না আমি বুঝতে পারছি না। এ বিষয়টি তিনি স্পিকারের স্পস্ট সিদ্ধান্ত জানতে চান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি ছিল একটি মুলতুবি প্রস্তাব। এটি আমার অনুপস্থিতিতে গ্রহণ হয়েছে। দেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে মাত্র তিনটি মুলতুবি প্রস্তাব গৃহীত হয়েছিল। প্রাণবন্ত আলোচনার জন্য ডেপুটি স্পিকারের সভাপতিত্বে বিরোধী দলের মুলতুবি প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল। তিনি বলেন, যে সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায় সেটি নিয়ে মুলতুবি প্রস্তাব হতে পারে না। তারপরেও উদারভাবে কথা বলার সুযোগ দিতে এটি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিরোধী দলের আরও বক্তব্য থাকলে সে সুযোগ দেওয়া হবে।

স্পিকার আরও বলেন, আমরা আশা করি ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল মিলে খোলাখুলিভাবে কথাবার্তা বলে সংসদের প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। সেই সুযোগ আপনাদের রয়েছে। এর জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, আমরা প্রতিকার চেয়েছি। বিষয়টা কোনো দলের সঙ্গে সম্পর্কিত নয়। বিষয়টি নিয়ে নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছে, সপক্ষে কথাও বলেছে, ক্যাম্পেইন করেছে। বিরোধীদলীয় নেতা বলেন, আমরা প্রতিকার পেলাম না, গণভোটে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না, আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এজন্য এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।

তখন বিরোধীদলীয় নেতার উদ্দেশে স্পিকার বলেন, মাননীয় বিরোধীদলীয় নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পন্ন করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। ওয়াকআউট করা আপনাদের অধিকার। কিন্তু আমি বলতে চাই, আজকে একটু পরে আরেকটি মুলতুবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে আমার মনে হয় যে, আপনি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সেখানে মন খুলে আপনারা আরও কথা বলতে পারবেন।

এর জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ওই নোটিশটাও আমাদের নজরে এসেছে। আমি মনে করি, মূল নোটিশটা (বিরোধী দলেরটা) চাপা দেওয়ার জন্য ওই নোটিশ সামনে আনা হয়েছে। এজন্য দুইটার প্রতিবাদেই আমরা সংসদ থেকে আপাতত ওয়াকআউট করিনি। তখন স্পিকার বলেন, নোটিশই তো উত্থাপন হয়নি। আপনি কী করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? আমি অনুরোধ করছি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। নোটিশের বিষয়বস্তু শুনুন। জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, এর আগে স্পিকারের অনুপস্থিতিতে নোটিশটি সংশ্লিষ্ট সদস্য পড়েছেন। আমরা সেটা শুনেছি। বুঝে শুনেই আমরা ওয়াকআউট করছি।

বিরোধী দলের ওয়াকআউটের ঘটনায় সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ওয়াকআউট করতে চেয়েছেন, সংসদীয় সংস্কৃতিতে সে অধিকার তাদের আছে। কিন্তু যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল তার বিপরীতে সরকারি দলের বক্তব্য রেকর্ডে থাকা ভালো। তিনি বলেন, স্পিকারের অনুপস্থিতিতে মুলতুবি প্রস্তাবটি ডেপুটি স্পিকার গ্রহণ করেছিলেন। তখনই আমি (স্বরাষ্ট্রমন্ত্রী) আপত্তি উত্থাপন করেছিলাম। আইন প্রণয়নের মাধ্যমে যে বিষয় নিষ্পত্তি হতে পারে সেরকম কোনো বিষয় মুলতুবি প্রস্তাবে আলোচনা করার বিধান নেই। তারপরও স্পিকার উদারতা দেখিয়ে এটি আলোচনার জন্য রেখেছেন। আলোচনা হয়েছে। আলোচনার পরে নিষ্পত্তি কী হবে সেজন্য ভোটাভুটি দেওয়ার বিধান নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কোনো মুলতুবি প্রস্তাব এখানে রিড আউট করিনি। উনি (বিরোধী দলের নেতা) যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন, যেটা মুলতুবি প্রস্তাব আমিও শুনেছি আজকে (বুধবার) একজন বেসরকারি সদস্য উত্থাপন করতে পারেন। সেটা আপনাকে বিবেচনা করতে হবে। যেহেতু একই বিষয়ে আপনি বিরোধী দলের নেতার একই রকম মুলতুবি প্রস্তাব গ্রহণ করেছেন।

আন্দোলনের হুমকি বিরোধী দলের : ওয়াকআউটের পর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিরোধী দল। এতে শফিকুর রহমান বলেন, আন্দোলন ছাড়া আমাদের করার আর কী আছে? গণভোটের রায় সংসদে যেহেতু কার্যকর করতে পারলাম না, তাই জনগণের দাবি জনগণের কাছে নিয়ে যাব। আইনমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য বিকৃতির অভিযোগ করে তিনি বলেন, ১১ দলের বৈঠকে আন্দোলনের কর্মসূচি ঠিক হবে।

জামায়াত আমির বলেন, বিএনপির পক্ষে যিনি ঐকমত্য কমিশনে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি গণভোটের প্রস্তাব করেছিলেন। জামায়াতসহ অন্যান্য দল এতে সমর্থন করেছিল। বিএনপিও গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার চালিয়েছিল। বিরোধী দলের মুলতুবি প্রস্তাবে বাধার মুখেও ডেপুটি স্পিকার নোটিশটি আমলে নেন। অতীতের গণভোটের নজির দিয়ে তিনি বলেন, আগে তিনটি গণভোটের ফলাফল মানা হয়েছে। সংসদে এবারের গণভোটের সমাধান চেয়েছিলাম। গণভোটের রায় কীভাবে কার্যকর করা যায়, সেই চেষ্টা করেছিলাম। বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ জায়গায় সরকারি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। এটা তাদের ব্যাপার। জনগণ গণভোটে জুলাই আদেশ, সনদকে অনুমোদন করেছে।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পীরজাদা হানজালা উপস্থিত ছিলেন।

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com