কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কৃষক ও মৎস্যজীবী মো. মঞ্জুরুল হকের গোয়ালঘর ও কবুতরের ঘরে অগ্নিকাণ্ডে ১টি গাভী, ৩টি ছাগল, ৩০টি কবুতর, ৩টি হাঁস এবং মাছ ধরার খনা জাল পুড়ে গেছে। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বলাইশিমুল ইউনিয়নের পাড়াদূর্গাপুর গ্রামে সরেজমিনে এ তথ্য জানা যায়। জানা গেছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা-মাছি তাড়ানোর জন্য গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ভুক্তভোগী মো. মঞ্জুরুল হক জানান, আগুনে একটি গাভী ও তিনটি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়া ৩০টি কবুতর, তিনটি হাঁস ও মাছ ধরার খনা জাল পুড়ে ভস্মীভূত হয়েছে। একটি গাভীর বাছুর আহত হয়েছে। সব মিলিয়ে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান এবং সবার কাছে সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম মুঠোফোনে দুঃখ প্রকাশ করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী মাকসুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকসহ স্থানীয়রা সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।