ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম হাই স্কুলে ৮৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্কুল ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাঃ নাসির উদ্দীন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সম্পাদক মোঃ জালাল উদ্দিন।
ক্রীড়া পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির সম্পাদক ও সিনিয়র শিক্ষক (শরীর শিক্ষা) লুৎফন নেছা, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোসুমী খাতুন। অনুষ্ঠান সার্থক করার জন্য সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও সকল শিক্ষক–শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারী আন্তরিকভাবে সহযোগিতা করেন।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও ক্রীড়া চেতনাকে আরও বৃদ্ধি করেছে।