প্রাণী ও প্রাণীজাত পণ্য সংগনিরোধ অধ্যাদেশ-২০২৬-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে সরকার বলেছে, এ আইনে গৃহপালিত বা উপকারী পশুকে ‘প্রাণী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নিজ দপ্তরে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ অধ্যাদেশের গুরুত্বপূর্ণ একটি দিক হলো— পশুকে ‘পশু’ বলে আখ্যা দেওয়ার বিষয়টি বাদ দেওয়া হচ্ছে। এটি মূলত দৃষ্টিকটু বা শুনতে খারাপ লাগে। এ কারণে এ আইনের সংশোধন করা হয়েছে। বিগত সময়ের যে আইন তা রহিত বা বাতিল করে সেখানে ‘প্রাণী’ শব্দ যোগ করা হলো।
তিনি বলেন, পূর্বের আইনে প্রাণীদের ওপর যে দায়মুক্তির কথা বলা ছিল, এ অধ্যাদেশে তা বাতিল করা হয়েছে।
বৈঠকে প্রতি বছর ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ হিসেবে উদযাপনের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন (ক্যাট)-এর ১৪(১) অনুচ্ছেদের অধীনে বাংলাদেশ যে ঘোষণা দিয়েছিল, তা প্রত্যাহারের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এ ছাড়া বাংলাদেশকে ১৯৮০ সালের ‘হেগ কনভেনশন অন দ্য সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন’-এর পক্ষভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশন থেকে জনবল নিয়োগ করা হবে। বৈঠকে আমদানি নীতি আদেশ ২০২৫-২৮-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন মিলেছে জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ- ২০২৬, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ- ২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী ফয়েজ আহমদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।