সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আইনে নেই, তবু মানব পাচার অপরাধে আপস!

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

নিজের ও পরিবারের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনেকে বিদেশে পাড়ি জমান। কিন্তু বহু ক্ষেত্রে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সেই স্বপ্ন বিষাদে রূপ নেয়। কখনো মুক্তিপণ দিয়ে, কখনো বা জেল খেটে খালি হাতে ফিরতে হয় দেশে। এক পর্যায়ে অপরাধের বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন কেউ কেউ।

গুরুত্বপূর্ণ বিবেচনায় মানবপাচারকারীদের আইনের আওতায় আনা হয়। তবে বহু ক্ষেত্রে অপরাধীদের সঙ্গে অর্থের বিনিময়ে আপস-মীমাংসা করেন ভুক্তভোগীরা। এমন আপসের সুযোগ মানবপাচার আইনে না থাকলেও অপরাধীরা নানাভাবে ম্যানেজ করে নিচ্ছেন। যে কারণে বিচার শেষে আসামিরা পেয়ে যাচ্ছেন খালাস।
ঢাকার মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে এমন চিত্র দেখা গেছে। যেখানে মাত্র ৪ শতাংশ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। 

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান কালের কণ্ঠকে বলেন, ‘মানবপাচার মামলা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হওয়ায় এই আইনে আপস, মামলা প্রত্যাহার বা পক্ষগুলোর মধ্যে সমঝোতা করে বিচার বন্ধের আইনগত সুযোগ নেই। কারণ মানবপাচারকে শুধু ব্যক্তির বিরুদ্ধে নয়, রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

তাই ভুক্তভোগী আপসে রাজি হলেও রাষ্ট্রপক্ষে মামলা চলতে থাকে এবং আদালত সমঝোতাকে গ্রহণযোগ্যতা দেন না। মানবপাচার আইনের সব অপরাধ আপসের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।’ 

মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২-এর ১৬ ধারায় বলা হয়েছে, এ ধরনের অপরাধ আমলযোগ্য, অজামিনযোগ্য ও অ-আপসযোগ্য। সে ক্ষেত্রে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই এই অপরাধের জন্য আসামিকে গ্রেপ্তার করতে পারে। ভুক্তভোগী বা অন্য কোনো পক্ষের সঙ্গে আপস-মীমাংসার মাধ্যমে এই মামলার নিষ্পত্তি করা যায় না।

 

মজনু জেল খেটেও আপস করেন : ২০২০ সালের ১ ফেব্রুয়ারি রাজধানীর গেণ্ডারিয়া এলাকার মজনু সাড়ে চার লাখ টাকা দিয়ে সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর তাঁকে কাজ না দিয়ে একটি কক্ষে আটকে রেখে শুরু হয় শারীরিক নির্যাতন। মজনু নিরুপায় হয়ে দেশে ফেরার আকুতি জানালে টিকিট বাবদ ৩০ হাজার টাকা দাবি করা হয়। পরে টাকা দিলেও আসামিরা তাঁকে দেশে ফেরত পাঠায়নি। এক পর্যায়ে ওই বছরের ২ আগস্ট তিনি গ্রেপ্তার হন। জেল খেটে একই বছরের ৬ অক্টোবর কারামুক্ত হন। পরদিন ৭ অক্টোবর তিনি দেশে ফিরে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী মজনু বাদী হয়ে ঢাকার মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। অভিযুক্ত চার আসামির বিরুদ্ধে শুরু হয় বিচার। পরে পাঁচজন সাক্ষীর মধ্যে একমাত্র ভুক্তভোগী মজনু নিজে সাক্ষ্য দেন। জবানবন্দিতে শুরুতে তিনি আসামিদের বিরুদ্ধে বক্তব্য দিলেও ফের জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, আসামিদের সঙ্গে তাঁর আপস হয়েছে। তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনি আর মামলা চালাবেন না। শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বিচারক রায়ে চার আসামিকে খালাস দেন।

ক্ষতিপূরণ পেয়ে আসামির বিরুদ্ধে অভিযোগ নেই মুন্নার

রাজধানীর ফকিরাপুলে প্রেসে চাকরি করতেন মো. মুন্না। তিনি ২০১৭ সালের ৪ মার্চ লিবিয়ায় যান। সেখানে তাঁকে আটকে রেখে মারধর করা হতো। চার লাখ টাকা না দিলে তাঁকে মেরে ফেলার হুমকি দেয় আসামিরা। এ ঘটনায় ওই বছরের ২৮ মার্চ ভিকটিমের ভাই মো. জিন্নাহ শেখ বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে একই বছরের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে অভিযুক্ত তিন আসামির বিচার শুরু হয়। বিচার চলাকালে সাক্ষী জিন্নাহ প্রথমে তাঁর জবানবন্দিতে এজাহার ও অভিযোগপত্র সমর্থনে বক্তব্য দেন। কিন্তু পুনরায় জবানবন্দিতে তিনি বলেন, মামলা চলাকালে আসামিদের সঙ্গে তাঁদের আপস হয়েছে। তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে এখন আর তাঁদের অভিযোগ নেই। এতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তিন আসামিকে খালাস দেন ট্রাইব্যুনাল।

১১ লাখ টাকা পেয়ে আপস করেন রিপন

২০১৯ সালের ১০ মে ভুক্তভোগী রিপনকে অস্ট্রেলিয়া পাঠাতে জেএইচ চৌধুরী ওভারসিসের আসামি রবিউল ইসলাম সুমন ১২ লাখ টাকায় চুক্তি করেন। আট লাখ টাকা নিয়ে তাঁকে ইন্দোনেশিয়ায় পাঠানো হয়। সেখানে তিনি গ্রেপ্তার হয়ে জেলে যান। পরে তাঁকে ছাড়ানোর জন্য আরো চার লাখ টাকা দিতে হয়। এ ঘটনায় ২০২২ সালের ১৮ মে ভুক্তভোগীর পরিবার মামলা করে। তদন্ত শেষে ওই বছরের ১০ আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ। তবে এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ভুক্তভোগী রিপন তাঁর জবানবন্দিতে উল্লেখ করেন, তিনি ১১ লাখ টাকা বুঝে পেয়েছেন। এখন আর তাঁর কোনো অভিযোগ নেই। আসামি জামিন পেলে তাঁর আপত্তি নেই।

ঢাকার ট্রাইব্যুনালে মাত্র ৪ শতাংশ মামলায় আসামির সাজা

ঢাকার মানবপাচার ট্রাইব্যুনাল গঠনের পর থেকে বর্তমান পর্যন্ত এক হাজার ৫৯৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে খালাস পেয়েছেন এক হাজার ২৯০টি মামলার আসামি। অব্যাহতি পেয়েছেন ২৩৯ মামলার আসামি। সাজা হয়েছে ৬৫টি মামলার আসামির। সেই হিসাবে মাত্র ৪ শতাংশ মামলায় আসামির সাজা হয়েছে। অন্যদিকে ৯৬ শতাংশ মামলায় আসামি খালাস বা অব্যাহতি পেয়েছেন।

চলতি বছর মোট ১৪৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মাত্র ১১টি মামলায় আসামির সাজা হয়েছে। ১০৭টি মামলায় খালাস এবং ২৬টি মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে এই ট্রাইব্যুনালে ২০২৪ সালের ২ ডিসেম্বর পর্যন্ত ২০৭টি মামলা নিষ্পত্তি হয়। এর মধ্যে ১৩০টি মামলায় খালাস ও ৬৬টি মামলায় অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। আর মাত্র ১১টি মামলায় আসামির সাজা দেওয়া হয়।

২০২৩ সালে ট্রাইব্যুনালে ২১৮টি মামলা নিষ্পত্তি করেছেন বিচারক। এর মধ্যে খালাস পেয়েছেন ১৪১টি মামলার আসামি। অব্যাহতি দিয়েছেন ৬৪টি মামলার আসামিকে। আর সাজা হয়েছে ১৩টি মামলার আসামির।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা সালমা আলী বলেন, মানবপাচার অপরাধে আপস করাও ফৌজদারি অপরাধ। এতে মানবপাচার অপরাধ কমবে না। কারণ তারা ভেবেই নেবে এই মামলায় কিছু হয় না, আপস করলেই সব সমাধান। এতে তারা মানবপাচারে আরো উদ্বুদ্ধ হবে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, মানবপাচার মামলায় আসামিরা সব সময় প্রভাবশালী আর ভুক্তভোগীরা দুর্বল থাকে। বছরের পর বছর পার হলেও ভুক্তভোগীরা যখন বিচার পান না, একটা পর্যায়ে তাঁরা হতাশ হয়ে পড়েন। তখন আসামিরা সুযোগ বুঝে ভুক্তভোগীদের টাকার মাধ্যমে আপসের প্রস্তাব দেয়। আদালতে বিচার হয় না বলেই আপসের ঘটনা ঘটে। এই সংকট কাটাতে মানবপাচারের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা মামলার বাদী ও সাক্ষীকে টাকা দিয়ে ম্যানেজ করে ফেলে। সাক্ষ্য গ্রহণে এসে বাদী আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়বস্তু সম্পর্কে বলতে চান না। তবে রাষ্ট্রপক্ষ জেরা করলে তাঁরা একই কথা বলেন। তবে মানবপাচারকারীদের বিচার হওয়া উচিত। এ ছাড়া মানবপাচার মামলায় আসামিরা কেন খালাস পাচ্ছে, তা পর্যবেক্ষণে সরকারের উচ্চ পর্যায়ে সেল গঠন করা উচিত।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com