সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফুলকপি-বাঁধাকপির কয়েক পদ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

শীতের সবজি হিসেবে ফুলকপি ও বাঁধাকপি দুই-ই সেরা। এ দুই সবজির পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অনেক। রোজ রোজ একইভাবে ফুলকপি ও বাঁধাকপি রান্না না করে ভিন্নতা নিয়ে আসুন। খাবার টেবিলে রাখুন বাঁধাকপির মাখানি কাবাব, ফুলকপির বার্গার ও স্টাফড বাঁধাকপির স্যুপ। রেসিপি দিয়েছেন শেফ আলিফ রিফাত

ফুলকপির বার্গার
উপকরণ: পেটি তৈরির জন্য–ফুলকপি গ্রেট করা এক কাপ, চিংড়ি কিমা আধা কাপ, কাঁচামরিচ কুচি দুই চা চামচ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, রসুন কুচি এক টেবিল চামচ, আদা কুচি এক টেবিল চামচ, ধনিয়া পাতা দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, ব্রেডক্রাম্ব তিন-চার টেবিল চামচ, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, লবণ, চিনি, স্বাদ মতো, তেল, ঘি বা মাখন পরিমাণ মতো, বার্গার বান, মেয়োনেজ, স্লাইস চিজ, লেটুস পাতা ও টমেটো স্লাইস পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একত্রে ভালো করে মেখে নিন। এবার মিশ্রণ ছয় ভাগে ভাগ করে গোল পেটি বানিয়ে তেল, মাখন বা ঘি দিয়ে ভেজে নিন। এবার বার্গার বানে পছন্দ মতো স্টাফিং দিয়ে বার্গার বানিয়ে পরিবেশন করতে হবে।

স্টাফড বাঁধাকপির স্যুপ
উপকরণ: বাঁধাকপি পাতা ১০টি, চিংড়ি মাছ কিমা এক কাপ, আদা কুচি ও রসুন কুচি আধা চা চামচ করে, কাঁচামরিচ কুচি আধা চা চামচ, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, ফিশ সস এক চা চামচ, সয়া সস এক চা চামচ, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, মাশরুম এক কাপ, ক্যাপসিকাম আধা কাপ, ফিশ স্টক চার-পাঁচ কাপ, লেবুর রস এক টেবিল চামচ, লবণ-চিনি স্বাদ মতো, মাখন এক টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: বাঁধাকপি ভাপ দিয়ে নরম করুন। চিংড়ি মাছে আদা, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে মাখান। আধা কাপ ফিশ সস, সয়া সস, গোলমরিচ গুঁড়া ও কর্নফ্লাওয়ার দিয়ে মাখাতে হবে। ভাপ দিয়ে রাখা বাঁধাকপির ভেতরে এই পুর দিয়ে পাতুরির মতো ভাঁজ করে পুঁটলা বানান। প্যানে মাখন দিয়ে রসুন কুচি দিয়ে ভাজুন। সুঘ্রাণ বের হলে তাতে মাশরুম দিয়ে দুই মিনিট ভাজুন। বানিয়ে রাখা বাঁধাকপির পুঁটলি দুই পাশ এক মিনিট করে ভাজুন। ভাজা হলে গরম ফিশ স্টক দিন। এতে ক্যাপসিকাম অবশিষ্ট ফিশ, সয়া সস, গোলমরিচ দিন। ফুটে উঠলে লেবুর রস দিয়ে চিনি-লবণ ঠিক আছে কিনা দেখে নামিয়ে নিন।

বাঁধাকপির মাখানি কাবাব
উপকরণ: কাবাবের জন্য–বাঁধাকপি কুচি এক কাপ, মুরগির কিমা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি দুই চা চামচ, আদা মিহি কুচি আধা চা চামচ, রসুন মিহি কুচি আধা চা চামচ, গোলমরিচ কুচি আধা চা চামচ, ভাজা বেসন দুই টেবিল চামচ, টমেটো সস এক টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণ মতো।
গ্রেভির জন্য: টমেটো পেস্ট এক কাপ, টক দই আধা কাপ, ক্রিম আধা কাপ, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ তিন-চারটি, লালমরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা কুচি এক টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি স্বাদমতো, ঘি আধা কাপ।
প্রস্তুত প্রণালি: কাবাবের সব উপকরণ একত্রে মাখতে হবে। মিশ্রণ ১০ ভাগ করে লম্বা লম্বা কাবাব বানিয়ে ডুবোতেলে লাল করে ভেজে নিন। একটা প্যানে ঘি দিয়ে তাতে আদা-রসুন বাটা দিয়ে ভাজুন। হালকা বাদামি হলে টমেটো পেস্ট, হলুদ, মরিচ, লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। মসলার কাঁচা গন্ধ দূর হলে টকদই দিয়ে আবার কষান। এবার আধা কাপ পানি দিন। পানি ফুটে উঠলে ভেজে রাখা কাবাবগুলো দিন। কাবাবের পানি শুকিয়ে এলে ফ্রেস ক্রিম ভালো করে ফেটিয়ে দিন। কাবাবের গ্রেভি কমে ঘি ওপরে উঠে এলে কাঁচামরিচ, চিনি ও আদা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com