মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আড়িয়াল খাঁ সেতুর ওপর বাস ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর ওপর বাস ও ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর ওপর থেমে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন– গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া এলাকার রুহুল আমিনের স্ত্রী কহিনুর আলম (৫০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌটামহল এলাকার আলতাফ শেখের ছেলে মনির শেখ (৪১) ও খুলানার দৌলতপুর উপজেলার আমতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে জামাল হোসেন রুবেল (৩৮)।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, বিকেলে মরদেহগুলো পরিবারের লোকজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে গত সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে আরও পাঁচজন প্রাণ হারিয়েছে। নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই বন্ধু। গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও দুজন। সোমবার রাত ৯টার দিকে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– শিবপুর উপজেলার সৈয়দেরগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২২) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া (২১)।

শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, নিহতরা মোটরসাইকেল আরোহী। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে উল্টোপথে আসার সময় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে হাসিবুল ইসলাম তামিম (১৬) নামে স্কুলছাত্রের। এ সময় মোটরসাইকেলে থাকা তার তিন সহপাঠীও আহত হয়। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ত্রিঘরিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ও তার সহপাঠীরা বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহতদের মধ্যে মো. জয় ও মো. রায়হান নামে দুই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জানীকালী (৭০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার লালমনি-ফুলবাড়ী সড়কের মহিলা ডিগ্রি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নাটোরের লালপুরে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির ধাক্কায় মারা গেছে মো. মাহি (১০) নামে এক শিশু। আহত হয়েছেন সাদ আহমেদ ও আব্দুল হাকিম নামে আরও দুজন। নিহত মাহি নুরুল্লাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। মঙ্গলবার ভোরে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের নুরুল্লাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
(সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবর)

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com