অগ্রহায়ণ চলছে। কৃষকের ঘরে ঘরে নতুন ধান কাটার আনন্দ। এ সময় নতুন চালের গুঁড়া দিয়ে বানানো পিঠার স্বাদ অন্যরকম। ছুটির দিনে বানিয়ে নিন সেমাই পিঠা, কাউনের পায়েসসহ মজাদার খাবার। রেসিপি দিয়েছেন জিনিয়া ইসলাম
কাউনের পায়েস
উপকরণ: কাউনের চাল আধা কাপ, ঘি দুই চা চামচ, তেজপাতা একটি, এলাচ দুটি, কিশমিশ পাঁচ-ছয়টি, দুধ দেড় লিটার, গুঁড়া দুধ দুই টেবিল চামচ, চিনি ১২০ গ্রাম, লবণ এক চিমটি, বাদাম কুচি এক টেবিল চামচ ও পেস্তা কুচি।
প্রস্তুত প্রণালি: কাউনের চাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। দুধ জ্বাল দিন। পাত্র গরম করে ঘি দিন। তেজপাতা, এলাচ, কিশমিশ দিয়ে নেড়ে কাউনের চাল ঢেলে দিন। দুই বা তিন মিনিটের মতো ভাজুন। আগে থেকে জ্বাল দেওয়া দুধ কাউনের চালে ঢেলে নাড়তে থাকুন। এক চিমটি লবণ দিন। দুধ জ্বাল হয়ে ঘন হলে এবং কাউনের চাল সেদ্ধ হলে চিনি দিন। গুঁড়া দুধ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে বাদাম কুচি দিয়ে নামিয়ে নিন। বাটিতে ঢেলে ওপরে পেস্তা কুচি ছড়িয়ে দিন।
সেমাই পিঠা
উপকরণ: চালের গুঁড়া এক কাপ, পানি দেড় কাপ, লবণ এক চিমটি, দুধ দুই লিটার, গুড় চার টেবিল চামচ বা চিনি ১০০ গ্রাম, কোরানো নারকেল দুই টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: পাত্রে পানি ও লবণ মিশিয়ে জ্বাল দিন। চালের গুঁড়া দিয়ে নেড়ে ঢেকে দিন। অল্প আঁচে ৩-৪ মিনিট ঢেকে রাখুন। নামিয়ে কাই ভালো করে মথে নিন। চুলায় দুই লিটার দুধ জ্বাল করে এক লিটার করুন এবং চিনি ও গুড় দিন। এবার ডো থেকে ছোট্ট ছোট্ট টুকরা নিয়ে হাতের তালুতে ঘষে সেমাই পিঠার আকার করে নিন। এভাবে সব পিঠা বানিয়ে নিন। পিঠাগুলো দুধের পাত্রে ঢেলে দিন। এরপর ৫-৬ মিনিট রান্না করুন। নামানোর আগে কোরানো নারকেল ছিটিয়ে দিন। এক মিনিট রেখে নামিয়ে নিন।
দুধ সারস পিঠা
উপকরণ: সুজি এক কাপ, চালের গুঁড়া দুই টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ, চিনি আধা কাপ, গরুর দুধ আধা কাপ, ডিম একটি, বেকিং পাউডার এক চা চামচ, ঘি এক চা চামচ, দুধ এক লিটার, গুড় বা চিনি ১০০ গ্রাম, এলাচ গুঁড়া সামান্য।
প্রস্তুত প্রণালি: দুধ চিনি অল্প আঁচে জ্বাল দিন। সুজি ও বাকি সব উপকরণ মেখে নিন। গোলা খুব পাতলা বা ঘন হবে না। মাঝারি হবে। ১০ মিনিট রেস্টে রাখুন। অন্য চুলায় পানি গরম করুন পিঠা স্টিম করার জন্য। ছোট ছোট মোল্ডে পিঠার গোলা ঢেলে মোল্ড ভাপে দিন। ১৫-২০ মিনিট লাগবে ভাপে সেদ্ধ হতে। পিঠা হওয়ার পর নরমাল হলে দুধে ঢালুন। সারারাত ভিজিয়ে রাখুন। ৪-৫ ঘণ্টা পর পরিবেশন করুন।
মালাই পোয়া
উপকরণ: চালের গুঁড়া এক কাপ, ময়দা আধা কাপ, গুড় আধা কাপ, পানি এক কাপ, তেল এক কাপ, দুধ দুই লিটার, চিনি ১২০ গ্রাম, ক্রিম বা মালাই তিন-চার টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: দুই লিটার দুধ জ্বাল দিয়ে এক লিটার হলে চিনি দিন। একটি পাত্রে চালের গুঁড়া, ময়দা মিশিয়ে নিন। পানি ও গুড় চুলায় দিয়ে জ্বাল নিন। গুড় গলে গেলে নামিয়ে ঠান্ডা করুন। গুড়-পানি চালের গুঁড়াতে অল্প অল্প করে ঢেলে মেখে নিন। গোলা ঘন হবে।
কড়াইতে তেল গরম করুন। গোল চামচের সাহায্যে গোলা তেলে ঢালুন। ফুলে উঠলে উল্টে দিন। এভাবে সব পিঠা বানানো হলে রেখে দিন। দুধ আরও ঘন হলে তাতে মালাই ঢেলে নাড়ুন। পিঠাগুলো দুধে দিন। ৪-৫ ঘণ্টা পর পরিবেশন করুন।