সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন ভ্যাটিকানের মন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশের কক্সবাজার জেলায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন সফররত ভ্যাটিকানমন্ত্রী কার্ডিনাল মাইকেল ফেলিক্স জার্নি। সফরের মিডিয়া সাব-কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডিনাল জার্নি চলমান মানবিক প্রচেষ্টা পর্যবেক্ষণ ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সংহতি জানাতে এ পরিদর্শন করেন।

কার্ডিনালের সঙ্গে ছিলেন তাঁর সেক্রেটারি ফাদার জোসেফ সাভারিমাথু, এশিয়া মেইনল্যান্ডের আঞ্চলিক সমন্বয়ক ফ্রান্সেসকা ডোনা, বাংলাদেশে নিযুক্ত অ্যাপোস্টলিক নুনসিও আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র‌্যান্ডাল, চট্টগ্রামের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার এবং ন্যায় ও শান্তির জন্য বিশপের কমিশনের চেয়ারম্যান বিশপ জার্ভাস রোজারিও। একই কমিশনের সম্পাদক ফাদার লিটন গোমেজও উপস্থিত ছিলেন। জরুরি সাড়াদান কর্মসূচির নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক দাউদ জীবন দাস জ্যেষ্ঠ ইআরপি কর্মীদের সঙ্গে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শন সম্পর্কে বলতে গিয়ে কার্ডিনাল জার্নি বলেন, ‘শিবিরে আমার অভিজ্ঞতা দেখায় যে, মানুষ তাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তাদের বাড়ি ফিরে যাওয়ার গভীর আকাঙ্ক্ষা রয়েছে। কারিতাস যে বিভিন্ন কার্যক্রম স্পন্সর করছে, তাতে আমি খুব খুশি। কারণ, তারা ক্রমাগত মানুষকে সমর্থন করে চলেছে। তাদের একটি আশাবাদী ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে।’

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধর্মভিত্তিক সংস্থাগুলোর উদ্দেশে বলেন, অর্থায়ন হ্রাস ও বিশ্বের কম মনোযোগের কারণে পরিস্থিতি খুবই কঠিন। বিশ্বের কম নয়, আরও বেশি সংহতি দেখানো উচিত। কার্ডিনাল জার্নি বলেন, ‘আমি রোহিঙ্গা জনগণের সঙ্গে এখানে থাকতে পেরে এবং তাদের শক্তি ও স্থিতিস্থাপকতা প্রত্যক্ষ করতে পেরে খুব খুশি। আমি প্রার্থনা করি এবং আশা করি, একদিন তারা নিরাপদে নিজ জন্মভূমিতে ফিরে যেতে পারবে এবং শান্তি ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com