কক্সবাজারের লাবণী সমুদ্রসৈকত পয়েন্টে তখনও ভোরের আলো ফোটেনি। এরই মধ্যে সমবেত হতে শুরু করেন নানা বয়সী মানুষ। দেখতে দেখতে সেই সংখ্যা প্রায় দেড় হাজার ছুঁয়ে ফেলল। ভোর সাড়ে ৪টার দিকে তারা শুরু করলেন দৌড়। গতকাল শনিবার ছিল তৃতীয় কক্সবাজার ম্যারাথন-২০২৫। নানা পয়েন্ট ঘুরে দৌড়বিদরা যখন পুনরায় লাবণী পয়েন্টে পৌঁছান, তখন সকাল।
কক্সবাজার রানার্স কমিউনিটি আয়োজিত এই ম্যারাথন শুরু হয় ভোর সাড়ে ৪টায়, যার প্রতিপাদ্য ছিল ‘এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান’। জেলা প্রশাসনের সহায়তায় এবার চারটি বিভাগে হয় দৌড় প্রতিযোগিতা। ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথনের পুরুষ বিভাগে প্রথম হন রহিম উদ্দিন। ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতার পুরুষ বিভাগে মামুন ও নারী বিভাগে আফরোজ আক্তার রিক্তা প্রথম হয়েছেন। ১০ কিলোমিটারের মিড রানের পুরুষ বিভাগে জাকির হোসেন ও নারী বিভাগে বিপাশা প্রথম স্থান অর্জন করেন। ২ দশমিক ৫ কিলোমিটারের কিডস রানে সাফিন ওমায়ির প্রথম ও ওয়াসিনা বিনতে আমিদ দ্বিতীয় হয়।