সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ডিজিটাল সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বীমা পণ্য পৌঁছে দেব

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে
  • গ্রাহক আস্থা, উদ্ভাবনী সেবা ও প্রযুক্তির মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স বাজারে উল্লেখযোগ্য অংশীদারি অর্জন এবং ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে চায় প্রাইম ব্যাংক। সম্প্রতি কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন প্রাইম ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এম. নাজিম এ. চৌধুরী
  • প্রাইম ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স সেবা কতটা বিস্তৃত? বার্ষিক প্রবৃদ্ধি ও মার্কেট শেয়ার কেমন?

    ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে ব্যাংকগুলো বীমা কম্পানির এজেন্ট হিসেবে কাজ করে, যার মাধ্যমে গ্রাহকরা সহজে ব্যাংক থেকে বীমা পণ্য ক্রয় করতে পারেন। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো—ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বীমা সেবা আরো সহজলভ্য ও নির্ভরযোগ্য করা। প্রাইম ব্যাংক গ্রাহকদের চাহিদা বিবেচনা করে বর্তমানে সারা দেশে বিস্তৃত শাখা নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্রশিক্ষিত ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের মাধ্যমে জীবন, স্বাস্থ্য ও সম্পদ সম্পর্কিত বিভিন্ন বীমা সেবা প্রদান করছে। আমাদের মাধ্যমে গ্রাহকরা ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এবং রিলায়েন্স ইনস্যুরেন্সসহ শীর্ষস্থানীয় বীমা কম্পানির পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন।

    ব্যাংকের মাধ্যমে ইনস্যুরেন্স করে গ্রাহকদের সুবিধা কী? প্রাইম ব্যাংকের এ ক্ষেত্রে বিশেষত্ব কী?

    প্রাইম ব্যাংক গত ৩০ বছরের যাত্রায় সুনাম, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যা ব্যাংকাস্যুরেন্স সেবাকেও আরো নির্ভরযোগ্য করে তুলেছে। গ্রাহকরা তাঁদের বিশ্বস্ত ব্যাংকের মাধ্যমে বীমা পণ্য ক্রয় করায় নিরাপদ ও নির্ভরযোগ্য অনুভব করেন।

    একই প্ল্যাটফর্মে ব্যাংকিং ও বীমা সেবা পাওয়ার ফলে সময় ও শ্রম দুটিই সাশ্রয় হয় গ্রাহকদের। ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তারা গ্রাহকদের কাছে বীমা পণ্যের বৈশিষ্ট্য, প্রিমিয়াম, শর্তাবলি ও অন্যান্য তথ্য স্বচ্ছভাবে উপস্থাপন করেন, ফলে গ্রাহকরা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। প্রাইম ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স সেবা গ্রাহকদের চাহিদা অনুযায়ী বহুমাত্রিক প্রয়োজন পূরণের লক্ষ্যে সাজানো হয়েছে। আমরা শিক্ষা, পেনশন, মেয়াদি বীমাসহ নানা ধরনের বীমা পণ্য সরবরাহ করি, যা গ্রাহকের জীবনযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
    গ্রাহক সুবিধা, প্রিমিয়াম ও সার্ভিস চার্জের ক্ষেত্রে আপনার ব্যাংক কিভাবে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করছে?

    প্রাইম ব্যাংক সর্বদা গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করে। গ্রাহকদের ইনস্যুরেন্স সেবা দিতে প্রাইম ব্যাংক বাংলাদেশ ব্যাংক এবং ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) সব নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে, যাতে বীমা পণ্যের প্রিমিয়াম ও সার্ভিস চার্জ সর্বদা ন্যায্য ও গ্রাহকবান্ধব থাকে। বীমা পলিসি বিক্রির সময় গ্রাহকদের প্রতিটি পণ্যের বৈশিষ্ট্য, শর্তাবলি, প্রিমিয়াম এবং সম্ভাব্য চার্জ সম্পর্কে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তথ্য সরবরাহ করা হয়, যাতে তাঁরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ নিয়মিত লেনদেন, প্রক্রিয়া এবং গ্রাহকসেবা পর্যালোচনা করে নিশ্চিত করে, সবকিছু নীতিমালা অনুযায়ী সঠিকভাবে সম্পন্ন হচ্ছে।পাশাপাশি, সব লেনদেনের ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করা হয়, যা গ্রাহক ও ব্যাংক উভয়ের জন্য স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখে। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় তাঁদের লেনদেনসংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। প্রাইম ব্যাংক বিশ্বাস করে, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার মাধ্যমে গ্রাহক আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক আরো মজবুত হয়, যা ব্যাংকাস্যুরেন্স সেবার টেকসই সাফল্যের মূল ভিত্তি।

    সাধারণ গ্রাহকের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রবাসীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে আপনার ব্যাংকের কী উদ্যোগ রয়েছে?

    প্রাইম ব্যাংক সাধারণ গ্রাহক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং প্রবাসী গ্রাহকদের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নিয়মিত শাখাভিত্তিক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা ব্যাংকাস্যুরেন্সের গুরুত্ব, সুবিধা এবং ভবিষ্যৎ আর্থিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত ধারণা পান। পাশাপাশি, ডিজিটাল যুগের চাহিদা মেনে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেল, ওয়েবসাইট এবং মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে বীমা পণ্যের তথ্য, গ্রাহক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প প্রচার করি, যাতে আরো বেশি মানুষ বীমা সেবার সঙ্গে যুক্ত হতে উৎসাহিত হন। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকটি তাদের ব্যাবসায়িক ঝুঁকি ও আর্থিক প্রয়োজন বিবেচনায় রেখে বিশেষায়িত বীমা পণ্য তৈরি করেছে, যা তাদের সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করে। তা ছাড়া প্রবাসী গ্রাহকদের জন্যও উপযোগী বীমা প্যাকেজ প্রবর্তন করা হয়েছে, যাতে তাঁরা বিদেশে অবস্থান করেও পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখতে পারেন। আমাদের প্রশিক্ষিত ব্যাংকাস্যুরেন্স কর্মীরা গ্রাহকদের সহজ ভাষায় বীমার উপকারিতা ব্যাখ্যা করে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের মধ্যে আর্থিক সচেতনতা ও নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে।

    ইনস্যুরেন্স খাতের স্বচ্ছতা বাড়াতে ব্যাংকাস্যুরেন্স কতটা ভূমিকা রাখবে? ভবিষ্যতে এই খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকাস্যুরেন্স সেবা সম্প্রসারণে আপনার ব্যাংকের পরিকল্পনা কী?

    ব্যাংকাস্যুরেন্স বাংলাদেশের বীমা খাতে স্বচ্ছতা, আস্থা ও জবাবদিহি বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা বিশ্বাস করি, কেন্দ্রীয় ব্যাংক ও আইডিআরএর যৌথ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে এই খাতের কার্যক্রম আরো সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে। পাশাপাশি ব্যাংকের গ্রাহকসেবা কাঠামোর মাধ্যমে সঠিক ও যাচাইকৃত তথ্যপ্রবাহ নিশ্চিত হওয়ায় গ্রাহকরা প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন, যা বীমা খাতে বিশ্বাসযোগ্যতা ও স্থিতিশীলতা গড়ে তুলবে। প্রযুক্তিনির্ভর ব্যাংকাস্যুরেন্স সেবা সম্প্রসারণে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে গ্রাহকের আর্থিক অভ্যাস, ঝুঁকি প্রোফাইল ও প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগতকৃত বীমা পণ্য তৈরি করার পরিকল্পনা করছি। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স সেবা আরো সহজলভ্য করা হবে, যাতে গ্রাহকরা যেকোনো স্থান থেকে তাৎক্ষণিকভাবে বীমা ক্রয়, প্রিমিয়াম পরিশোধ ও পলিসি ব্যবস্থাপনা করতে পারেন। তা ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বীমা সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ও ডিজিটাল চ্যানেল ব্যবহারের পরিকল্পনা রয়েছে আমাদের। এ ছাড়া নতুন বীমা কম্পানির সঙ্গে অংশীদারি গড়ে পণ্যের বৈচিত্র্য বৃদ্ধির পরিকল্পনা রয়েছে প্রাইম ব্যাংকের, যাতে গ্রাহকরা আরো বেশি বিকল্প ও সুবিধা উপভোগ করতে পারেন। এসব উদ্যোগের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স শুধু বীমা খাতের স্বচ্ছতা ও প্রবৃদ্ধি বৃদ্ধি করবে না, বরং দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

     

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com