রাঙ্গামাটির দুর্গম বরকল উপজেলার এরাবুনিয়ায় এক বিরল ঘটনার জন্ম দিয়েছে একটি বিশাল অজগর সাপ। বুধবার সকালে ওই এলাকার এক কৃষকের ছাগল গিলে ফেলেছে অজগরটি- এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এরাবুনিয়া ৫নং ওয়ার্ডের কৃষক মো. রুমী সকালে তার একটি ছাগল খুঁজে না পেয়ে চারপাশে খোঁজা শুরু করেন। কিছুক্ষণ পর তিনি জঙ্গলের ভেতর দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ, যার পেট অস্বাভাবিকভাবে ফুলে ছিল। প্র্রথমে ভয় পেলেও পরে স্থানীয়দের সহায়তায় সাহসিকতার সঙ্গে রুমী সাপটিকে ঘেরাও করে নিরাপদে বন্দি করেন। তখনই ধারণা করা হয়, অজগরটি তার হারিয়ে যাওয়া ছাগলটিকেই গিলে ফেলেছে।