যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষণটিকে দৃঢ় ও প্রাসঙ্গিক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই ভাষণ শক্তিশালী ছিল।
প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে বারবার নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন। আমরা নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা ভাষণে সরকারের সংস্কার এজেন্ডা এবং জাতীয় ঐক্যের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি যথাযথভাবে বলেছেন, আমাদের সরকার যে উদ্দেশে গঠিত হয়েছে তার প্রতিফলন ভাষণে প্রকাশ পেয়েছে।
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘ড. ইউনূস বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, কিভাবে তাঁর সরকার কাজ শুরু করেছে, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেছে এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কারের দাবি পূরণে উদ্যোগ নিয়েছে।’ মির্জা ফখরুল সন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রধান উপদেষ্টার সফরে প্রথমবারের মতো রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য একটি অনন্য ও অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। এটি জাতীয় ঐক্যের প্রদর্শন এবং এ জন্য আমরা পূর্ণ সহযোগিতা জানিয়েছি।’
অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার ভাষণকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘সর্ব প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের নেতারা আন্তর্জাতিক মহলে অংশগ্রহণ করেছেন। এটি সত্যিই ব্যতিক্রম ও প্রশংসনীয় ঘটনা।’
একই সুর শোনা গেছে এনসিপির পক্ষ থেকেও। দলটির নেতা আখতার বলেন, ‘ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। কিন্তু তার আগে সংস্কার কাজগুলো সমাপ্ত করা দরকার।তাহলে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে।’