চট্টগ্রামে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জে দুর্ঘটনায় ব্যবসায়ী, কুমিল্লায় ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাসের ধাক্কায় পথশিশু নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
মিরসরাই (চট্টগ্রাম) : সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো গোলাম সরোয়ার (৪০), তাঁর মেয়ে মুসকান (৩) এবং প্রতিবেশী সাগর (৩০)। তারা সপরিবারে ঢাকার উত্তরা থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিল।
এই দুর্ঘটনায় আহতরা হলো গোলাম সরোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯) এবং প্রাইভেট কারের চালক গিয়াস উদ্দিন (৩০)। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বাবা ও মেয়ে। আহত সাগর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
সিরাজগঞ্জ : সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায়
এক ব্যবসায়ীর মৃত্যু হলে বিক্ষুব্ধ জনতা ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে।নিহত ব্যবসায়ী হাফিজুল ইসলাম (৩৫) সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, গতকাল ভোরে কাশিয়াহাটা এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা দেয়। এতে সেখানে বসে থাকা হাফিজুল ইসলাম ও আমিরুল ইসলাম আহত হন। তাঁদের উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে গেলে সেখানে হাফিজুল ইসলামের মৃত্যু হয়। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা বগুড়ায় নিয়ে গেছে।
দাউদকান্দি (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার রাতে মোটরবাইক দুর্ঘটনায় এক ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হন। গতকাল তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা গ্রামের হারুনুর রশিদ হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে ফিরোজের মোটরবাইকের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষে তিনি ছিটকে পড়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
যাত্রাবাড়ী (ঢাকা) : রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর দ্রুতগামী বাসের ধাক্কায় শাকিব (১৩) নামের এক পথশিশু নিহত হয়েছে। এ ঘটনায় বাসের চালকের খোঁজ করছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (পরিদর্শক) মো. ফারুক বলেন, শিশুটির লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।