মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রায়পুরে বাসায় ঢুকে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত হয়েছেন। ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নরসিংদীর পলাশ, কক্সবাজারের রামু ও ফরিদপুরের সালথা উপজেলায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– শাহিনুর বেগম (৩৮) এবং তাঁর মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (১৩)। এ সময় গণপিটুনিতে নিহত হয়েছেন অভিযুক্ত অন্তর মজুমদারও।
শাহিনুর, ইকরা ও শিফার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে স্বামী কামাল উদ্দিন বিদ্যুৎস্পর্শে মারা যাওয়ার পর তিন মেয়ে ও জুনায়েদ ইসলাম সিফাত নামের এক কিশোর সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন শাহিনুর। অনেক কষ্ট করে সন্তানদের পড়াশোনা করাচ্ছিলেন তিনি। একই ভবনে ভাড়া থাকতেন সন্দেহভাজন অন্তর মজুমদার। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং পেশায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন। ঘটনার পরপরই এলাকাবাসী অন্তরকে পিটুনি দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সিফাত জানায়, সে তখন দোকানে ছিল।   বাড়িতে এসে দেখে সব শেষ। অন্তর বাসায় আসা-যাওয়া করত। তার মনে কী, তা ভাবতে পারেনি তারা।

শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চুরির অভিযোগে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল ভোরে মত্তগ্রামে এ ঘটনা ঘটে। শাহাদাৎ হোসেন একই এলাকার শামসুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই এলাকার একটি মসজিদে তাবলিগ জামায়াতে অংশ নেওয়া মুসল্লিদের বেশ কয়েকটি মোবাইল ফোন চুরি হয়। শাহাদাৎকে সন্দেহ হওয়ায় আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

হালুয়াঘাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শিরিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ৩ নম্বর ইউনিয়ন কৈচাপুরের জুগাবিলেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শিরিনা আক্তার ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। পরিবারের অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক খরচসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার হাবিবুর স্ত্রীকে নিয়ে বাড়ির পাশের জমিতে যান। সেখানে তাঁকে পিটিয়ে হত্যা করেন।

পলাশে মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার
নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম খান (২৭) নামের এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

রামুতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ
কক্সবাজারের রামুতে গতকাল এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছৈয়দ হোছন উপজেলার টুংগাঢেবা কালারপাড়া গ্রামের মোজাফফরের ছেলে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আনোয়ারা বেগম ও সন্তানদের হেফাজতে নিয়েছে।

সালথায় হাত-পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার
ফরিদপুরের সালথা উপজেলার কুমারকান্দা গ্রামের একটি সড়ক থেকে গতকাল হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় পান্নু ফকির ওরফে জামু ফকির (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মুরাদনগরে গৃহবধূকে পিটিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা আক্তার (৩৬) ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত রহিম মেম্বার পলাতক রয়েছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাশিদা তাঁর গরু-বাছুর অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। এ সময় রহিম মেম্বারের লোকজন তাঁর ওপর হামলা করে।

মুলাদীতে হামলায় আহত যুবকের মৃত্যু
বরিশালের মুলাদী উপজেলায় হামলায় আহত মিলন হাজী (২৩) মারা গেছেন। গতকাল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৩০ মে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হয়েছিলেন।
(ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো তথ্য)

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com