বিকেল সাড়ে ৫টায় তিন মন্ত্রী আসেন রংপুরের কাউনিয়ার তিস্তা সেতু পয়েন্টে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মানচিত্রের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত তুলে ধরেন তিন মন্ত্রীর কাছে।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘খুব শিগগিরই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান প্রতিবেদন হবে। তার আলোকেই পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজ ও মহাপরিকল্পনা একনেকে পাস হবে।’ তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা এবার তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবায়ন হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তাপারের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব এবং নদীকেন্দ্রিক সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে দ্রুত একটি বাস্তবসম্মত ও পরিকল্পিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের নদী ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের নিয়ে কারিগরি ও বাস্তবভিত্তিক পর্যালোচনা চলছে।