মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তবর্তী নাফ নদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পাল্টা অভিযান চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পর দুই রোহিঙ্গা জেলেকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

 

শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নাফ নদীতে মাছ ধরার সময় দুই রোহিঙ্গা জেলে একটি ডিঙ্গি নৌকায় অবস্থান করছিলেন। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকায় থাকা সশস্ত্র গ্রুপ তাদের ধাওয়া করে। পরিস্থিতি বুঝতে পেরে জেলেরা হ্নীলা ১ নম্বর সুইস গেটের অভ্যন্তরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে সশস্ত্র গ্রুপের সদস্যরা তাদের ব্যবহৃত ডিঙ্গি নৌকাটি দখলে নিয়ে বেঁধে টেনে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আবদুল মালেক জানান, সশস্ত্র ব্যক্তিরা দ্রুত নৌকাটি নিয়ে সীমান্তের দিকে সরে যায়। অপর প্রত্যক্ষদর্শী ফরিদ আলমের দাবি, নৌকাটিতে চোরাচালান-সংশ্লিষ্ট কিছু মালামাল ছিল। নৌকাটি ছিনতাই করার পর সশস্ত্র গ্রুপের সদস্যরা সেসব সামগ্রী নিজেদের নৌকায় স্থানান্তর করে দ্বীপের দিকে চলে যায়।

শনিবার রাত ১১ টায় উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জহিরুল ইসলাম জানান, টেকনাফের হ্নীলা বিওপি থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার উত্তরে এবং শূন্য লাইন থেকে প্রায় ৪০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে সুইস গেট সংলগ্ন নাফ নদী এলাকায় একটি সশস্ত্র গ্রুপ মাছ ধরারত দুই রোহিঙ্গা জেলেকে লক্ষ্য করে আনুমানিক তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা জেলেদের ব্যবহৃত নৌকাটি ছিনতাই করে মিয়ানমারের অভ্যন্তরে খরের দ্বীপের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

খবর পেয়ে হ্নীলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় সশস্ত্র গ্রুপটি ডুবারচর এলাকা অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে আনুমানিক ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে।

ঘটনার পর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেন (২৫) ও নুরুল আমিন (২৩) নামে দুই রোহিঙ্গা জেলেকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com