বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে পাবনা জেলার বেড়া থানাধীন খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গত মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থী মো. আব্দুল্লাহ গামছা প্যাঁচানো অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে রামপুরা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সুরতহাল প্রতিবেদনে মৃত শিক্ষার্থীর শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া যায় বলে জানায় পুলিশ। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, একই মাদ্রাসার ছাত্র শিহাব হোসেন পূর্বেও আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক অনৈতিক ও অস্বাভাবিক যৌনাচারে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভিকটিমের মা মোছা. টুকু আরা খাতুন বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত শিহাব হোসেনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।