রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম বঙ্গভবন প্রেস উইংকে জানান, সকালে সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাত্ক্ষণিকভাবে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে কামিল ইদ্রিস বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুদানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং সুদানের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্র্রতিক সংকটময় সময়ে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে সাধুবাদ জানান।