সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে ১২৬ বার পেছানো হলো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ।
গতকাল এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দিতে পারেনি। এতে ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমানের আদালত নতুন করে ১৮ জুন তারিখ নির্ধারণ করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার পর প্রথমে মামলার তদন্ত করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে তা হস্তান্তর করা হয় ডিবি পুলিশের কাছে, এরপর ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি তদন্তের দায়িত্ব পায় র্যাব। পরে উচ্চ আদালতের নির্দেশে র্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে পিবিআইকে দেওয়া হয় এবং একটি টাস্কফোর্স গঠন করা হয়। মামলাটির ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত কোনো তদন্ত প্রতিবেদন আসেনি। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে তানভীর রহমান ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা এখনো কারাগারে।








