দেশের উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে অযথা বিলম্ব দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই দ্রুত বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ভারতের চেন্নাইভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে পানি ব্যবস্থাপনা, পরিশোধন প্রক্রিয়া ও নিরাপদ পানির মান নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক পানি ও বর্জ্যপানি শোধন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
দেশের নদ-নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। বৈঠকে বুড়িগঙ্গা নদীর পানির মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
নদীটি দূষণমুক্ত করে আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় মানবপ্রেমের শাশ্বত বাণী বিধৃত হয়েছে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘তাঁর অমলীন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের মর্যাদায় উন্নীত করতে তাঁর অসামান্য অবদানের জন্য আমি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
তাঁর রচনায় একদিকে যেমন সমাজ চেতনা ও মানবপ্রেমের শাশ্বত বাণী বিধৃত হয়েছে, অন্যদিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার সাহস জুগিয়েছে।’
তিনি বলেন, ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানবপ্রেম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ দেশের মুক্তিযুদ্ধে তাঁর অনেক কবিতা ও গান ছিল প্রভূত সাহস ও অফুরন্ত প্রেরণার উৎস। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মার শান্তি কামনা করি।’