বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বৃষ্টি-লিমন পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। লিমন ও বৃষ্টি এই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম টাম্পা বে ২৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মে স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে লিমন ও বৃষ্টিকে এই ডিগ্রি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার আনুষ্ঠানিকতা চলাকালে বৃষ্টি ও লিমনের সম্মানে রেগালিয়াসহ (গাউন, ক্যাপ ও হুড) দুটি খালি চেয়ার রাখা হবে।

টাম্পা বে ২৮ জানিয়েছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনস্যুলেটে চিঠি দিয়ে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকেও এ তথ্য জানানো হয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে ডিগ্রি গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। তাদের একজন বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যার শিকার হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

এদিকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বুধবার দুপুরে টাম্পায় বৃষ্টির জানাজা। বৃহস্পতিবার (আজ) তার লাশ ঢাকায় পাঠানো হবে। দুবাই হয়ে শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে কফিন ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে সোমবার লিমনের লাশ দেশে আসার পর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com