বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও ভোগান্তি কমেনি

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সরকারি নির্দেশনার পরও ঢাকাসহ দেশের পাম্পগুলোতে আগের মতো দীর্ঘ লাইন দেখা গেছে। কমার বদলে লাইন আরও দীর্ঘ হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চালক ও সাধারণ গ্রাহকরা। এ পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে বিশৃঙ্খলা কমাতে সারাদেশে আরও ১৯ জেলায় মোটরসাইকেলের ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত রোববার তেল সরবরাহকারী তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনাকে সরবরাহ বাড়ানোর নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী, গতকাল সোমবার থেকে অকটেনের সরবরাহ ২০ শতাংশ এবং পেট্রোল ও ডিজেলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে সরকারি এ নির্দেশনার প্রভাব মাঠ পর্যায়ে এখনও দৃশ্যমান নয়।
গতকাল দুপুরের দিকে রাজধানীর কল্যাণপুর, আসাদগেট, শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগের মতো তেলের পাম্পে সাধারণ মানুষের জটলা। আসাদগেট এলাকায় তালুকদার ফিলিং স্টেশনের সামনে তেলের জন্য অপেক্ষায় থাকা মোটরসাইকেলের চালক আকবর হোসেন জানান, তেল সরবরাহ বাড়ানোর ঘোষণা শুনে পাম্পে এসে দেখি– সেই আগের মতো দীর্ঘ লাইন। তাহলে বাড়তি তেল কই?
বিপিসির কর্মকর্তারা বলছেন, প্রথম দিনেই সরবরাহ বৃদ্ধির পুরোপুরি সুফল পাওয়া যাবে না। কয়েক দিনের মধ্যে চাপ কমে যাবে। অবৈধ মজুত বন্ধ হলেও তেমন কোনো সংকট থাকবে না।

আরও ১৯ ফুয়েল পাস
মোটরসাইকেলের ‘ফুয়েল পাস’ চালুর অংশ হিসেবে গতকাল আরও ১৯ জেলায় নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। পর্যায়ক্রমে সব জেলায় এটি চালু করা হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। নতুন তালিকায় যুক্ত হওয়া জেলাগুলো হলো– গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

আরও জাহাজ আসছে
চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ থেকে ৬৮ হাজার টন ডিজেল খালাস শুরু হয়েছে। ডলফিন জেটিতে নোঙর করা ‘এমটি ওকট্রি’ জাহাজে প্রায় ৩৫ হাজার টন ও ‘এমটি কেপ বনি’তে প্রায় ৩৩ হাজার টন ডিজেল রয়েছে। এর বাইরে প্রায় ৪১ হাজার টন ডিজেলবাহী জাহাজ ‘এমটি লিয়ান সং হু’, প্রায় ৩৩ হাজার টন ডিজেলবাহী ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ এবং প্রায় ২৭ হাজার টন অকটেনবাহী জাহাজ ‘এমটি নেভি সিয়েলো’ এরই মধ্যে বাংলাদেশের জলসীমায় ঢুকেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়মিত তেল আসছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, এপ্রিলে সংকট নেই। অকটেনের মজুত এরই মধ্যে মাসিক চাহিদার চেয়ে বেশি হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com