বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চার জেলায় বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রসহ ৬ জনের

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে গতকাল বৃহস্পতিবার ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গার দুই স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুজন, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দুজন, মেহেরপুরের গাংনীতে একজন রয়েছেন। যশোরে কালবৈশাখী ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক কৃষক। আহত হয়েছেন অন্তত ২০ জন।

চুয়াডাঙ্গায় প্রাণ গেল দুজনের
চুয়াডাঙ্গার দুই স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বজ্রবৃষ্টির সময় দামুড়হুদা উপজেলার পার কৃষ্ণপুর ও জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো– পার কৃষ্ণপুর গ্রামের আজিমুল ইসলামের ছেলে মদনা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাজিমুল ইসলাম (১৫) এবং জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামে প্রয়াত রেজাউলের ছেলে রাসেল হোসেন (২৫)।

স্থানীয়রা জানান, পার কৃষ্ণপুরের নাজিমুল দুপুরে বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। একই সময় নিজ বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন জীবননগরের রাসেল। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মুন্সীগঞ্জে দুজনের মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আড়িয়ল ও দিঘিরপাড় ইউনিয়নে পৃথকভাবে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন– আড়িয়ল ইউনিয়নের বসাউল্লাহ এলাকার মনির ঢালীর ছেলে রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড় গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান (২২)।

যশোরে কালবৈশাখীর তাণ্ডব, একজনের মৃত্যু
যশোরে দুপুরের পর আকস্মিক কালবৈশাখী ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক কৃষক। টানা আড়াই ঘণ্টার বেশি সময় চলা ঝড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঝড়ের কারণে দুপুরের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক ইউনিয়ন।
হাসপাতাল, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরের পর শুরু হয় ঝড়। সেই সঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় মনিরামপুর উপজেলার শাহাপুর গ্রামের লুৎফর রহমান সরদার বাড়ি থেকে মাঠে যাচ্ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, প্রায় ১৫০ বিঘা জমির ধান হেলে পড়েছে এবং আম ও কাঁঠালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন জানান, যশোরে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টি ধানের জন্য আশীর্বাদ। কোথাও ক্ষয়ক্ষতি হলে ব্যবস্থা নিতে স্থানীয় কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার হাদিউজ্জামান বলেন, ঝড়ে মনিরামপুর ও কেশবপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। ১৬টি বিদ্যুতিক খুঁটি ভেঙেছে। অসংখ্য জায়গায় তারের ওপর গাছ পড়ে আছে। কর্মীরা রাতেও কাজ করছেন।

মেহেরপুরে কৃষকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জারজিস হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া জোলের মাঠে এ ঘটনা ঘটে। জারজিস হোসেন ভাটপাড়া গ্রামের প্রয়াত দাউদ হোসেনের ছেলে।

বজ্রপাতে আহত একজন
কিশোরগঞ্জে হাওরে বজ্রপাতে জিয়াউর রহমান (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের সোয়াই গ্রামের সফর আলীর ছেলে। বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের ব্যবসায়ী সামিউল হক ভূঁইয়া জানান, সন্ধ্যায় থানেশ্বর স্কুল অ্যান্ড কলেজের পেছনের হাওরে মাছ ধরার চাঁই পাততে
যাচ্ছিলেন জিয়াউর। এ সময় বজ্রপাতে আহত হন। তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করা হয়েছে।
(সংশ্লিষ্ট অফিস, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো তথ্য)

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com