দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
কক্সবাজার : চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- ঢাকা মহানগরের উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) ও অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। চিরিংগা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন বলেন, যাত্রীবাহী লাল-সবুজ পরিবহনের একটি বেপরোয়া বাস বানিয়ারছড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ওই বাসের চালক পলাতক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিশোরগঞ্জ : পাকুন্দিয়া উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিয়ান সাব্বির মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে এবং ওয়ালীনেওয়াজ খান কলেজের ছাত্র। বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানার ওসি খুরশেদ আলম জানান, মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক সাব্বির নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাগেরহাট : চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহর বাংলাবাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবু মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বাবু মোল্লা ঢাকার মাতুইয়ালের নাসির মোল্লার ছেলে। চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, সংঘর্ষে মোটরসাইকেল চালক বাবু ঘটনাস্থলেই নিহত হন।
নাটোর : বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহম্মেদ শরীফ (৪৮) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : হাটহাজারীর মদনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় হাফেজ সাকিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।








