পঞ্চগড়ে বিদ্যুতের খুঁটিতে উঠে তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা বিদ্যুৎ অফিসের গাফিলতিকে দায়ী করে পঞ্চগড় নেসকোর কার্যালয়ের সামনে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
এদিকে ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর প্রায় ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগান মাঠ গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন বাগান মাঠ গ্রামের রফিকুল সরকার (৫৪) এবং একই গ্রামের নুর আলম (৩৫)। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।