মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফের গতি পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের মামলা তদন্ত

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানের মামলা তদন্ত ফের গতি পাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে মাঝখানে তদন্তে কিছুটা স্থবিরতা দেখা দেয়। তবে নির্বাচন শেষ হওয়ায় এখন ফের শুরু হয়েছে তদন্ত। এরই মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের মোট  এক হাজার ৭৩০টি মামলার ১০৬টির চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে।

বাকি মামলার তদন্তও দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থাগুলো। 

পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানসংশ্লিষ্ট মোট এক হাজার ৭৩০টি মামলা দেশের বিভিন্ন থানা ও আদালতে করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছে ৭৩১টি। এই বিপুলসংখ্যক মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) সহ পুলিশের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে।

 

এ পর্যন্ত যে ১০৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে ৩১টি হত্যা মামলা এবং ৭৫টি অন্যান্য ধারার (ভাঙচুর, হামলা, বিস্ফোরক ইত্যাদি) মামলা।

পুলিশ সদর দপ্তর জানায়, চার্জশিট হওয়া ৩১টি হত্যা মামলা দেশের বিভিন্ন এলাকার। এর মধ্যে রয়েছে—ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, চাঁদপুর, কুড়িগ্রাম ও শেরপুর জেলা। এ ছাড়া পিবিআই এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশও (সিএমপি) বেশ কটি হত্যা মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

 

অন্যান্য ধারার ৭৫টি মামলার চার্জশিটও দেশের বিভিন্ন এলাকা থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও বরগুনা জেলা। পাশাপাশি পিবিআই, সিআইডি, ডিএমপি, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর মহানগর পুলিশ এসব মামলার চার্জশিট দাখিল করেছে।

গণ-অভ্যুত্থানের পর দায়ের হওয়া মামলাগুলোতে অনেক সময় ঢালাওভাবে আসামির নাম যুক্ত করার অভিযোগ রয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ সদর দপ্তর থেকে মামলা তদন্তে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।

 

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যথাযথ যাচাই-বাছাইয়ের পর প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৭৩-এ ধারায় ৪৩৭টি মামলা থেকে এ পর্যন্ত দুই হাজার ৮৩০ জনকে অব্যাহতি দিতে আদালতে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করা হয়েছে। রুজু হওয়া অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

জুলাই আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ এবং হত্যার নির্দেশের অভিযোগে দায়ের হওয়া বেশির ভাগ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান বা অন্যতম আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য এবং শীর্ষস্থানীয় নেতাদের এসব মামলায় আসামি করা হয়েছে।

২০২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির অনেক শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎকালীন কয়েকজন শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলা তদন্তের সার্বিক অগ্রগতি সম্পর্কে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান কালের কণ্ঠকে বলেন, ‘মাঝখানে জাতীয় সংসদ নির্বাচনের কারণে সবাই ওই দিকে ব্যস্ত থাকায় তদন্তে কিছুটা স্থবিরতা দেখা দেয়। তবে ওই পর্ব শেষে এখন নতুন করে মামলা তদন্তে যথেষ্ট গতি এসেছে।’

সিআইডির হাতে থাকা মামলাগুলোর বিষয়ে তিনি জানান, জুলাই আন্দোলনের ঘটনায় করা মামলাগুলোর মধ্যে ঢাকা মহানগর এলাকায় ৬১টি এবং দেশের আটটি বিভাগীয় শহরে ৫২টি স্পর্শকাতর মামলার তদন্ত করছে সিআইডি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com