প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার নির্বাচন পর্যবেক্ষক দল। সাক্ষাৎকালে তাঁরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল। তুরস্কের পার্লামেন্টারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ- বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ। একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষক দল। যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে সাবেক কংগ্রেসম্যন ডেভিড ড্রেয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।
এর আগের দিন সোমবার কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার, ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ ই নানা আকুফো-আডো নেতৃত্বাধীন ২৩ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।








