নতুন চারটি থানা স্থাপনে অনুমোদন দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এরই মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় রয়েছে। আলদা বিভাগ হওয়ার পর সংস্থাটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে রূপান্তর হবে। আর সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতাসম্পন্ন কোনো সরকারি কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত হবে রাজস্ব নীতি বিভাগ। রাজস্ব বিভাগ পুনর্গঠনের বিষয়ে বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, স্বাস্থ্য খাত সংস্কারের অংশ হিসেবে সভায় ‘স্বাস্থ্যসেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ’ একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও জোরদার করতে সভায় চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপন করা হবে। এ ছাড়া নরসিংদী জেলায় রায়পুরা উপজেলাকে ভাগ করে সেখানে আরেকটি থানা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
ঠাকুরগাঁও জেলায় ‘ভূল্লী’থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদন দেওয়া হয়।