ঢাকা: ধর্মীয় উপাসনার মধ্য দিয়ে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় রাজধানীর কাকরাইল সেন্ট মেরী ক্যাথিড্রাল গির্জায় বড়দিনের প্রার্থনা শেষ হয়েছে।
প্রার্থনা পরিচালনা করেন, ত্যারিস ক্রিস্ট গ্যাব্রিয়েল কোরাইয়া। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বাংলায় এবং সকাল ৯টায় ইংরেজিতে প্রার্থনা পরিচালনা করেন তিনি।
প্রার্থনায় হানাহানিপূর্ণ বিশ্বে যিশুখ্রিস্টের শিক্ষায় নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তি ও পুরো মানব সমাজকে ভ্রাতৃত্বের পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফাদার কোরাইয়া বলেন, “বড়দিন উপলক্ষে ৪ সপ্তাহ ধরে আমাদের প্রস্তুতি চলছে। সোমবার রাত ৮টায় প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।”
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঈশ্বরের অনুগ্রহ ও অলৌকিক ক্ষমতাবলে মেরীর গর্ভে জন্ম নেন এক শিশু। ঈশ্বরের দূত গ্যাব্রিয়েলের কথা মতে, তার নাম রাখা হয় যিসাস।
বাংলায় যাকে আমরা বলি, যিশু।
পথভ্রস্ট তৎকালীন ইহুদী সম্প্রদায়ের মধ্যে এ শিশুটিই বড় হয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করেন।
যিশু মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও শান্তির বাণী প্রচার করেছেন।
গির্জাগুলোতে খ্রিস্টান সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায় বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও ৠাবসহ নিরাপত্তা বাহিনীর কর্মীরা উপস্থিত ছিলেন।