আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি নিয়ে জটিলতার অবসান হয়েছে শেষ পর্যন্ত। প্রথা মেনে ভাষার মাস ফেব্রুয়ারিতেই হচ্ছে বইমেলা। তবে সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি শুরু হলেও এবার একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত। গতকাল বুধবার এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানায় বাংলা একাডেমি।
বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণসংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা।
বাংলা একাডেমি জানায়, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনের সময় আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত তিন মাসে একাধিকবার একুশে বইমেলার তারিখ ঘোষণা ও স্থগিতের ঘটনা ঘটেছে।
গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় বাংলা একাডেমি জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের কথা মাথায় রেখে বইমেলার তারিখ চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে। বাংলা একাডেমির এ সিদ্ধান্ত তখন ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এর মধ্যেই গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একুশে বইমেলা জাতীয় সংসদ নির্বাচনের পর আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর বইমেলা স্থগিতের ঘোষণা দেয় বাংলা একাডেমি।
পরে গত ২ নভেম্বর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের সঙ্গে বৈঠক করে বাংলা একাডেমি জানায়, জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই হবে বইমেলা। তবে তখনো জাতীয় নির্বাচনের তারিখ চূড়ান্ত না হওয়ায় বইমেলার তারিখ নির্দিষ্ট করে কিছু জানায়নি বাংলা একাডেমি।
গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পরই গতকাল বাংলা একাডেমি একুশে বইমেলার তারিখ ঘোষণা করে।