মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, শোভাযাত্রা, ম্যারাথন, আলোচনাসভা এবং বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করা হয়। এ ছাড়া সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়।

 

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন জাতির শ্রেষ্ঠ সন্তান ১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও সম্মানীর অর্থ তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

খুলনা : সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার, যুদ্ধাহত  মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

মহানগর ও জেলা বিএনপি বিকেলে নগরীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে। নগরীর শহীদ হাদিস পার্কে দিনব্যাপী মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

ব্রাহ্মণবাড়িয়া : স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সকাল ৯টার দিকে শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

ফারুকী পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া মেলা চলবে আগামীকাল বৃহম্পতিবার পর্যন্ত। 

সাতক্ষীরা : শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করে জেলা প্রশাসন। দিনব্যাপী শহীদ কাজল সরণি (খুলনা রোড মোড়), শহীদ সিরাজ সরণি (নিউ মার্কেট মোড়) ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। বিকেল ৪টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধবিষয়ক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

 

টাঙ্গাইল : মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা, মধ্যাহ্নভোজ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ

রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে গতকাল ছাত্রীদের ডিসপ্লে।   ছবি : কালের কণ্ঠ

রাজবাড়ী : দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন স্টলে মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ

গাইবান্ধা জেলা স্টেডিয়ামে শিক্ষার্থীদের ডিসপ্লে।   ছবি : কালের কণ্ঠ

গাইবান্ধা : দিবসের কর্মসূচির মধ্যে ছিল দুপুরে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও তিন দিনব্যাপী স্বাধীনতা প্রাঙ্গণে বিজয় মেলা।

গোপালগঞ্জ : সকাল ১১টা ও সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। দুপুর ২টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে মহিলা ক্রীড়া সংস্থা ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠিত হয়।

নওগাঁ :  জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন, শহরের এটিম মাঠে বিজয় মেলা, সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

নাটোর : নাটোর রাজবাড়ী চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সন্ধ্যা ৬টায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিনাইদহ : শহরে জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক শোভাযাত্রা বের করে। এ ছাড়া কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মাগুরা : সকালে নোমানী ময়দানে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মাগুরা পৌরসভা, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়,  বিএনপিসহ এর অঙ্গসংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাগুরা প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক সংগঠন ও সংস্থা।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও মাসুদুর রহমান, এসি ল্যান্ড মাহমুদুল হাসান, বিএনপি সভাপতি এম এ খায়ের, জামায়াতে ইসলামীর আমির আবুল হাসেম, এনসিপির প্রধান সমন্বয়ক আহম্মেদ শফি প্রমুখ।

কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়ায় তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বখশ, ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম, শামীম আহমদ, লিংকন তালুকদার প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে মহান বিজয় দিবসে বিজয় মেলা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, এনসিপির সভাপতি মো. বায়েজিদ, গণঅধিকার পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমতলী উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জেল হোসেন ও ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বেনাপোল (যশোর) :  বেনাপোলে বিজিবির কাশিপুর বিওপির নিকটবর্তী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে এ কর্মসূচির আয়োজন করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠের কবরে পুষ্পস্তবক অর্পণ, তাঁর রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত এবং উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশনে সকাল ৭টায় এতিম পরিবারের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন।

অন্যদিকে সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে আনন্দ শোভাযাত্রা চরফ্যাশন শহরের উল্লেখযোগ্য সড়ক পদক্ষিণ করে।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া এদিন বিকেলে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, শাহিদুর রহমান জোহাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সুধীজন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়িতে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার ও সদস্যসচিব জহির আজম চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

মেঘনা (কুমিল্লা) : কুমিল্লার মেঘনা উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুরে উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেনের নেতৃত্বে পৌর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে বিজয় দিবসের আয়োজনে অন্যতম আকর্ষণ হয়ে ওঠে পতাকা দিয়ে তৈরি করা ‘সেলফি জোন’।   ছবি : কালের কণ্ঠ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রাজধানীর হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে বিজিবি অর্কেস্ট্রা এবং ব্যান্ডদলের সংগীত ও বাদ্য পরিবেশন করা হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com