ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর প্রাণ গেছে।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শওকত হোসেন জানিয়েছেন।
নিহত ৩৩ বছর বয়সী মিলি আক্তার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সৌদি প্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী।
ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকিব আকন্দ বলেন, “খুলনা থেকে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার লাশ রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে।”
এসআই শওকত হোসেন বলেন, “এক ছেলে ও মেয়ে সন্তানের মা মিলি ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করেছি।”
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।