সব মূল্যমানের ব্যাংক নোট, প্রাইজবন্ড, জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এমআইসিআর ও ট্যাডিশনাল চেক, সিগারেট স্ট্যাম্প, ব্যান্ডরোলসহ অন্যান্য রাষ্ট্রীয় নিরাপত্তাসামগ্রী দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিটেড (এসপিসিবিএল) মুদ্রণ করে থাকে। এসব নিরাপত্তাসামগ্রী মুদ্রণে ব্যবহৃত নিরাপত্তা কাগজের বেশির ভাগ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। তা ছাড়া সব মূল্যমানের ব্যাংক নোট, প্রাইজবন্ড ও অন্য নিরাপত্তাসামগ্রী মুদ্রণে ব্যবহৃত নিরাপত্তা কালির শতভাগ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইউরোপ থেকে আমদানি করা হয়। পাকিস্তানের এ বিষয়ে আগ্রহ রয়েছে। সে জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পাকিস্তান উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারে বলে ইআরডির এক সভায় মতামত দেওয়া হয়। তা ছাড়া ব্যাংকিং খাতে পাকিস্তানের প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়েছে বাংলাদেশ। ইআরডির ওই কর্মকর্তা জানান, পাকিস্তান বাংলাদেশের পরিবার পরিকল্পনা মডেল নিতে চায়। পাকিস্তান-বাংলাদেশ যৌথ উদ্যোগে ভ্যাকসিন ডেভেলপমেন্ট, গবেষণাসহ স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে পাকিস্তান আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি ইআরডির এক সভায় স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে যৌথ উদ্যোগে কার্যক্রম গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়। পাকিস্তান বাংলাদেশের পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য মডেল গ্রহণে আগ্রহী।