তারেক রহমানের শোক
রাজধানীর মিরপুরে একটি তৈরি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন এই অগ্নিকাণ্ডে নিহত সব ব্যক্তির আত্মার মাগফিরাত দান করেন।’ একই সঙ্গে তিনি আল্লাহর কাছে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।গতকাল মঙ্গলবার রাতে এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই শোক প্রকাশ করেন। তিনি আরো বলেন, ‘এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সমাজে বারবার ঘটে চলেছে, প্রতিবারই কেড়ে নিচ্ছে অমূল্য প্রাণ এবং রেখে যাচ্ছে অসংখ্য প্রশ্ন ও বেদনার চিহ্ন। এই দুঃখজনক বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, কর্মক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এখনো একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে।’








