মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

উপদেষ্টা পরিষদের বৈঠক ডিজিটাল সিকিউরিটি আইনের সব   হচ্ছে

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

 আসামিরা পাবেন দায়মুক্তি ,পাঁচ ব্যাংকের একীভূত রূপ ইউনাইটেড ইসলামী ব্যাংক

ডিজিটাল সিকিউরিটি আইনে দণ্ডপ্রাপ্তদের দায়মুক্তি দিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশে সংশোধনী অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনে দেওয়া সাজা ও বিচারাধীন সব মামলার দায়মুক্তি দিতে এই সংশোধন আনা হয়েছে।

সংশোধনী অনুযায়ী, আগের আইনে দায়ের করা সব মামলা ও রায় বাতিল বলে গণ্য হবে এবং ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।

জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সভায় জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫-এরও অনুমোদন দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো নাগরিক সেবা আরো সহজ ও কার্যকর করা, পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা।

অধ্যাদেশে সরকারি সফটওয়্যার সংরক্ষণ, সাইবার নিরাপত্তা জোরদার, ডেটা অ্যানালিটিকস সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য বিনিময়ের জন্য ‘জাতীয় কোড রিপোজিটরি সার্ভিস’ ও ‘জাতীয় দায়বদ্ধ উপাত্ত বিনিময় প্ল্যাটফর্ম’ গঠনের কথা বলা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য একটি সংক্ষুব্ধতা নিষ্পত্তি কাউন্সিল থাকবে এবং বিধান লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ও ক্ষতিপূরণের সুযোগ রাখা হয়েছে।

অধ্যাদেশে উপাত্ত চার শ্রেণিতে ভাগ করা হয়েছে—পাবলিক, অভ্যন্তরীণ, গোপনীয় ও সীমাবদ্ধ। এ ছাড়া আন্তর্জাতিক মান বজায় রেখে সীমান্তপারের তথ্য বিনিময়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আইন বাস্তবায়নে একটি কর্তৃপক্ষ ও স্বাধীন উপাত্ত নিরীক্ষক নিয়োগের প্রস্তাব করা হয়েছে।

পাঁচ ব্যাংকের একীভূত রূপ ইউনাইটেড ইসলামী ব্যাংক : পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ঝুঁকিতে থাকা এই পাঁচটি বেসরকারি ব্যাংককে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামের একটি নতুন ব্যাংক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায়। পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। এ ছাড়া একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহক তাঁর আমানত হারাবেন না।

যে পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ : বৈঠকে আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। এতে প্রত্যেক আমানতকারীর জন্য সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমা এক লাখ টাকার পরিবর্তে দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যাতে প্রায় ৯৩ শতাংশ আমানতকারী এই সুরক্ষার আওতায় আসবেন। অধ্যাদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি আমানত সুরক্ষা বিভাগ গঠিত হবে, যা অন্যান্য বিভাগ থেকে স্বাধীনভাবে কাজ করবে। তফসিলি ব্যাংক ও ফিন্যান্স কম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দিয়ে এই তহবিলের সদস্য হবে। বৈঠকে আরো তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ময়মনসিংহ, বরিশাল ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৫-এর অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ (দ্বিতীয় সংশোধন) এবং আয়কর আইন ২০২৩ (সংশোধন) অধ্যাদেশের খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে প্রাণিসম্পদ সপ্তাহকে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রতিবছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে তা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com