মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশে সোনার দাম বেড়ে ভরি ২ লাখ ৯ হাজার টাকা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর থেকেই বাড়তে থাকে সোনার দাম। বিশেষত গত এপ্রিলে বিশ্বজুড়ে আরোপিত পাল্টাশুল্কের পর থেকেই সোনার দামে উল্লম্ফন ঘটে। প্রতি সপ্তাহেই যেন নতুন রেকর্ড গড়ে। এবার সব হিসাব চুকিয়ে চার হাজার ডলারের মাইলফলক ছাড়িয়েছে মূল্যবান এই ধাতুর দাম।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল বুধবার বিশ্ববাজারে সোনার দাম ১.২১ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় চার হাজার ৩৪ ডলার। এক সপ্তাহে এই হলুদ ধাতুর দাম বেড়েছে ৪.৫২ শতাংশ, এক মাসে বেড়েছে ১১.৩৮ শতাংশ আর এ বছর বেড়েছে ৫৩.৯৪ শতাংশ।

স্টোনএক্সের বিশ্লেষক রোহনা ও কনেল বলেন, ‘এর আগে যে কারণে দাম বেড়েছে এখনই ঠিক একই কারণে সোনার দাম বাড়ছে। ভূ-রাজনৈতিক উত্তেজনার সঙ্গে বাড়তি যোগ হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন পরিস্থিতি।’ গতকাল মার্কিন শাটডাউন অষ্টম দিনে প্রবেশ করেছে।

দেশে ফের বাড়ল সোনার দাম : দেশের বাজারে দফায় দফায় বাড়ছে সোনার দাম। এবার নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে ছয় হাজার ৯০৭ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ ৯ হাজার ১০১ টাকায়। আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

গতকাল বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪২ হাজার ৩০১ টাকা। সোনার সঙ্গে বাড়তি রুপার দামও। বর্তমানে দাম বেড়ে ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৬৫৪ টাকায় উঠেছে। ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৪৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com