আলোচিত শীর্ষ ধনী ইলন মাস্ক এবার নতুন রেকর্ড গড়লেন। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি হলেন ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলারের বেশি সম্পদের মালিক। ইতিহাসে এবারই প্রথম কারো নিট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল। তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
গত ১৫ সেপ্টেম্বরের হালনাগাদ তথ্য অনুযায়ী, কম্পানির ১২.৪ শতাংশ শেয়ার রয়েছে বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তির হাতে। এ বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের মূল্য ১৪ শতাংশের বেশি বেড়েছে।
খুবই অস্থিরতার মধ্য দিয়ে এ বছরটা শুরু হয়েছিল ইলন মাস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেওয়া ও এরপর নানা বিরোধে সেখান থেকে সরে আসার ঘটনা তাঁর জীবনে নতুন অভিজ্ঞতা যুক্ত করে। পরবর্তী সময়ে তিনি টেসলার বিকাশে পূর্ণ মনোযোগ ফিরিয়ে আনেন, যা কম্পানির শেয়ারে প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হয়।
মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পানি এক্সএআই ও রকেট নির্মাতা স্পেসএক্স এ বছরেও বাজারমূল্যে বড় সাফল্য পেয়েছে। জুলাই পর্যন্ত এক্সএআইয়ের মূল্য ছিল সাত হাজার ৫০০ কোটি ডলার। সেপ্টেম্বরে সিএনবিসির খবরে বলা হয়, নতুন তহবিল সংগ্রহের পর এর মূল্য ২০ হাজার কোটি ডলার হতে পারে। তবে মাস্ক তখন জানান, তাঁরা কোনো মূলধন সংগ্রহ করছেন না।
অন্যদিকে ব্লুমবার্গের জুলাই মাসের প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্স নতুন অর্থ সংগ্রহ ও অভ্যন্তরীণ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে, যা কম্পানির মূল্য প্রায় ৪০ হাজার কোটি ডলারে উন্নীত করবে। সূত্র : রয়টার্স