মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বির্সজন দেয়া হয়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিকেল থেকেই ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাজনার তালে তালে রাজধানীর বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে শোভাযাত্রা করে প্রতিমাগুলো বুড়িগঙ্গা নদীর তীরে আনা হয়। পরে নৌকাযোগে সেগুলো নিয়ে যাওয়া হয় নদীর মাঝখানে, সেখানে সম্পন্ন করা হয় বিসর্জন। এসময় ভক্তদের অনেকে কান্নায় ভেঙে পড়েন আবার কারো ঠোঁটে বেজে ওঠে দেবীর বন্দনা। কেউবা নদীর পানি ছিটিয়ে নিচ্ছিলেন নিজের ও পরিবারের সদস্যের শরীরে।

দেবীদুর্গাকে বিদায় জানানোর মুহূর্তে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আবেগ ও মন খারাপের মিশ্র অনুভূতির সৃষ্টি হয়। কেননা দশমী মানেই এক বছরের জন্য তাদের দেবী দুর্গার বিদায়। দশমীর দিন সকাল থেকেই ঢাকাসহ সারা দেশের মন্ডপগুলোতে শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল ৩টায় শুরু হয় প্রতিমা বিসর্জন। রাজধানীতে প্রথমে প্রতিমা বিসর্জন দেয় ধানমন্ডির সর্বজনীন পূজা কমিটি। তারপর ওয়ারীর শঙ্খনিধি মন্দির। তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দুর্গাকে বিদায় জানাতে রাজধানীর কেন্দ্রীয় বিসর্জন ঘাট ওয়াইজঘাটে ভিড় করেন ভক্ত ও অনুরাগীরা। বিশেষত নারী পুণ্যার্থীরা মেতে ওঠেন আবির খেলায়। তারা একে অপরকে রাঙিয়ে দেন রং-সিঁদুরে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানায়, সারা দেশে এ বছর পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৪৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়।রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা হিন্দু ধর্মালম্বীরা জানান, এই কয়েকটা দিন যেন তাদের কাছে স্বপ্নের মতো কেটেছে। মা দুর্গা আমাদের মাঝে ছিলেন, তাই আনন্দে ভরে উঠেছিল চারপাশ। কিন্ত মা চলে গেছেন, সেই কষ্টে বুকটা ভরে উঠছে। আবারও এক বছরের অপেক্ষা। এবারের পূজায় বিশেষ প্রার্থনা করেছি যেন আমাদের দেশ শান্তিময় হয়, সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নেমে আসে। বুড়িগঙ্গায় দেবী দুর্গাকে বিসর্জন দিতে আসা ভক্ত হৈমন্তী রানী সিংহ বলেন, মা আমাদের মাঝে কল্যাণ নিয়ে এসেছেন। এখন ফিরে যাচ্ছেন সতর্ক করে। প্রতিবার মনে হয় মা আরও কিছুদিন থাকলে ভালো হতো। কারণ এই সময়টাতে পরিবার-পরিজন নিয়ে বেশ আনন্দের সময় কেটেছে। এখন আবার যান্ত্রিক জীবনে ব্যস্ত হয়ে পড়তে হবে।

ধানমন্ডি থানার পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, আমরা ভারাক্রান্ত হৃদয়ে মাকে বিদায় জানাতে এসেছি। মা আমাদের ধরাধামে এসেছিলেন আমাদের মঙ্গলের জন্য, অসুর বধ করার জন্য। আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি, যাতে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আগামীতে দেশ যেন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সব মানুষের মঙ্গল হয়, এটাই মায়ের কাছে প্রার্থনা ছিল। দশমীর সকালে মন্ডপ ও মন্দিরে পূজার অন্যতম প্রধান আচারে অংশ নেন নারীরা। দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করে তারা দেবীর শক্তির প্রতি শ্রদ্ধা জানান। এরপর একে অপরের গায়ে সিঁদুর মেখে জীবনের সমৃদ্ধি কামনা করেন।
প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন জানান, শোভাযাত্রা নির্বিঘœ করতে প্রায় দুই হাজার ৪০০ অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পলাশীর মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজ ঘাট এলাকায় স্থাপন করা হয়েছে তিনটি অস্থায়ী ওয়াচ টাওয়ার। প্রতিটি প্রতিমাকে পুলিশি পাহারায় নদীর ঘাটে আনা হয়েছে। জরুরি পরিস্থিতি সামাল দিতে সোয়াট, বোমা নিষ্কিৃয়করণ টিম ও বিশেষ ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত ছিল। নদীপথে দুর্ঘটনা এড়াতে নৌ পুলিশ, নৌ ডুবুরি দল, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস টিমও ছিল সতর্ক টহলে। এছাড়াও ছিল সেনাবাহিনীর বিশেষ টিম।সনাতন ধর্মাবলীরদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে দেবী দুর্গা স্বামীর বাড়ি কৈলাস ছেড়ে কন্যারূপে পিতৃগৃহে আগমন করেন। পক্ষকাল পর তিনি ফিরে যান স্বামীগৃহে। এ পাঁচদিন ভক্তরা দেবীর বন্দনা, পূজা ও উৎসবে মেতে ওঠেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানালেও অন্তরে থেকে যায় আগামী বছরে তার পুনরাগমনের প্রত্যাশা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com