জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি নেতারা। গতকাল বুধবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এই বৈঠক হয়। এর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা– এই দুই ক্ষেত্রেই ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।
নজরুল ইসলাম খান বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায়, যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা বাড়ানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। এসব বিষয়ে তারা বেশ আগ্রহ প্রকাশ করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর
খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে। নির্বাচন এবং গণতন্ত্রের দিকে যাত্রায় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট। তারা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এ ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা কী করতে যাচ্ছি, আমাদের ভূমিকা কী হবে এবং বিভিন্ন রাজনৈতিক
দলের মধ্যে যে কথাবার্তা হচ্ছে, সেগুলো আলোচনায় এসেছে। নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে এ ছাড়া ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।