ফেনীর ফুলগাজী উপজেলার একটি বাড়ি থেকে কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়।
নিহত কাজল একই বাড়ির কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে দুর্বৃত্তরা চালের টিন কেটে কাজল আক্তারের ঘরে প্রবেশ করে। তারা কাজলের হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে হত্যা করে। ঘটনার সময় তার তিন বছর বয়সী সন্তান ঘরে ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদ্রাসায় অবস্থান করছিল। সকালে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে পুলিশকে জানায়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে এসে বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা এখনো ঘটনাস্থলে অবস্থান করছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”