বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে ভারতের নয়াদিল্লিতে। গতকাল সোমবার এই বৈঠক শুরু হয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে ভারতের নয়াদিল্লিতে। গতকাল সোমবার এই বৈঠক শুরু হয়েছে।
এটি বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সম্মেলন। ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বাংলাদেশের প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এটিই প্রথম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। পুশ ইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ভারত থেকে পুশ ইনের চেষ্টার অভিযোগ তুলে সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, বিএসএফের কয়েক দফা পুশ ইনের চেষ্টা তারা ঠেকিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতের তরফে জানানো হয়েছে, চার দিনের এই সম্মেলনে অনুপ্রবেশসংক্রান্ত আলোচনা, ভারতীয় নাগরিকদের ওপর আক্রমণ, আন্ত সীমান্ত অপরাধ, সীমান্তে বেড়া দেওয়ার প্রক্রিয়া এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা করা হবে।