প্রিন্ট বিভাগে দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন; টেলিভিশন বিভাগে চ্যানেল ২৪-এর দেলাওয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন এবং অনলাইন বিভাগে জাগো নিউজ ২৪-এর নাজমুল হোসেন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুবেল এই পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। এ ছাড়া প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষি শিল্পের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাসান হাফিজ বলেন, দেশের কৃষকরা এখনো মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির শিকার। অনেক সময় টমেটো, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের পরও কৃষকরা ন্যায্য দাম না পেয়ে সেগুলো ফেলে দিতে বাধ্য হন।
তিনি বলেন, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প নিয়ে প্রকাশিত সেরা প্রতিবেদনগুলো সংকলন আকারে প্রকাশ করা হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান দলিল হয়ে থাকবে। ইলেকট্রনিক মাধ্যমের তুলনায় প্রিন্ট মাধ্যমের সংরক্ষণমূল্য বেশি উল্লেখ করে তিনি সংবাদপত্রের গুরুত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।