বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল সেনা সদরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এর আগে ২৯ এপ্রিল ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ২ ফেব্রুয়ারি সারাহ কুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনা সদরে জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিল। সে সময় সেনাসদর জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।








