দেশের সব জেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। ই-নামজারিসহ মেলায় থাকছে নানা সেবার আয়োজন।
দেশের সব জেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। ই-নামজারিসহ মেলায় থাকছে নানা সেবার আয়োজন।
রাজধানী ঢাকার সাত রাস্তায় ভূমি ভবনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভূমি মেলার উদ্বোধনীতে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, ‘২০২৮ সালের মধ্যে ভূমিসেবা পুরোপুরি হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা এখন সম্পূর্ণ অনলাইনে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময়ে যেকোনো নাগরিক ভূমি অফিসে না এসে ঘরে বসে নিজেই নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সেবা ও ভূমিসংক্রান্ত সব সেবা গ্রহণ করতে পারছেন।
ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, মেলায় জানানো হয়েছে কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এ ছাড়া ভূমির বিভিন্ন ধরনের ডিজিটাইজেশন নিয়ে সেবক গ্রহীতাদের অবহিত করা হবে মেলাগুলোতে।